জিন তাড়ানোর নামে অপচিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপচিকিৎসার শিকার এক শিশু শরীরে অসংখ্য ক্ষত নিয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রণায় কাতরাচ্ছে। আবু সালিম (৭) নামের শিশুটির বাড়ি উপজেলার চর কোমরভাঙ্গায়। সে ওই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
কথিত জিন তাড়ানোর জন্য অপর এক শিশু (১৪) কবিরাজি চিকিৎসার নামে আবু সালিমের ওপর শারীরিক নির্যাতন করে। আবু সালিম এলাকার একটি কিন্ডারগার্টেনে নার্সারিতে পড়ে।
আবু সালিমের বাবা আফাজ উদ্দিন গতকাল বৃহস্পতিবার বলেন, ৬ এপ্রিল আবু সালিমের কাঁপুনি দিয়ে জ্বর আসে। তিন-চার দিনেও জ্বর ছাড়ছিল না। তা দেখে ওই শিশু কবিরাজ ও তার মা সালিমকে জিনে ধরেছে বলে জানান। কবিরাজি চিকিৎসা করে সালিমকে ভালো করতে পারবেন বলে আশ্বাস দেন। এতে তিনি রাজি হন। এরপর থেকে জিন তাড়ানোর জন্য কবিরাজি চিকিৎসার নামে সালিমকে পেটানো এবং তাকে লোহা গরম করে ছ্যাঁকা দেওয়া হয়। তাতেও জ্বর না কমলে ব্লেড দিয়ে দুই হাতে আঁচড় কেটে রক্তাক্ত করা হয়। কথিত ওই কবিরাজ ও তার মায়ের কাছে জিন আছে বলে ভয় দেখানো হয়। এ কারণে চোখের সামনে ছেলেকে নির্যাতনের শিকার হতে দেখলেও ভয়ে কবিরাজকে কিছু বলতে সাহস পাননি তাঁরা। এ ধরনের অপচিকিৎসার ধকল সইতে না পেয়ে সালিম অচেতন হয়ে পড়ে। পরে স্বজনেরা গুরুতর অবস্থায় তাকে গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সারা শরীরে অসংখ্য ক্ষত নিয়ে হাসপাতালের শয্যায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি।
স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুচিকিৎসক মো. নুরুজ্জামান বলেন, উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু পরিবারটি দরিদ্র হওয়ায় এখানে রেখেই চিকিৎসা করা হচ্ছে। শারীরিক ক্ষতের পাশাপাশি শিশুটি মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসার পর তার কাউন্সেলিং দরকার। জিন তাড়ানোর জন্য কবিরাজের কাছে নেওয়াটা অজ্ঞতা। শিশুটিকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া দরকার ছিল।
চর কোমরভাঙ্গা গ্রামের কয়েক ব্যক্তি বলেন, আহত শিশুটির বাড়ি গ্রামের এক প্রান্তে। অপচিকিৎসার কাজটি রাতে করা হয়েছে। এ কারণে গ্রামের লোকজন ঘটনাটি টের পাননি। শিশুটির অবস্থার অবনতি ঘটলে মায়ের চিৎকারে এলাকাবাসী টের পান। তাঁরা উত্তেজিত হয়ে কথিত ওই শিশু কবিরাজকে বেঁধে রেখেছেন। এ অবস্থা দেখে কবিরাজ শিশুটির বাবা ও মা পালিয়ে গেছেন।
এ বিষয়ে কথিত কবিরাজ শিশুটিকে জিজ্ঞাসা করা হলে সে কোনো কথা বলেনি।