জিনের ভয়ে দুই বিদ্যালয় শিক্ষার্থীশূন্য
জামালপুর সদর উপজেলায় দড়িহামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডাক্তার হানিফ উদ্দিন উচ্চবিদ্যালয়ে জিনের ভয়ে তিন দিন ধরে শিক্ষার্থীরা আসছে না। এ কারণে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয় দুটিতে পাঠদান বন্ধ রয়েছে।
এ অবস্থা নিরসনে গত বুধবার বিকেলে জরুরি পরামর্শ সভার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে গ্রামের লোকজন ও শিক্ষকেরা অংশ নেন। সভায় জিন তাড়ানোর জন্য কবিরাজকে দিয়ে ঝাড়ফুঁক করে বিদ্যালয়ের চারপাশ ‘বন্ধে’র দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা।
বিদ্যালয় ও গ্রামবাসী সূত্র জানায়, গত ২৬ জানুয়ারি হানিফ উদ্দিন উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে নবম শ্রেণির শিক্ষার্থী রানী খাতুন বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তার দুটি পা অবশ হয়ে যায় এবং আবোলতাবোল কথা বলতে শুরু করে। ১৩ ফেব্রুয়ারি সে মারা যায়। গত রোববার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া খাতুন বিদ্যালয় থেকে ফিরে অসুস্থ হয়ে পড়ে। সোমবার নবম শ্রেণির ইসরাত জাহান বিদ্যালয়ে সংজ্ঞা হারিয়ে ফেলে। এরপর থেকে তারা আবোলতাবোল বকছে। তাদের কবিরাজ দিয়ে চিকিৎসা করানো হচ্ছে। এরপর বিদ্যালয়সহ গ্রামটিতে জিনের আতঙ্ক তৈরি হয়। এ কারণে মঙ্গলবার থেকে অভিভাবকেরা শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না।
শিক্ষার্থী ইসরাত জাহানের দাদা লোকমান হোসেন বলেন, ‘বিদ্যালয়ের পেছনে একটি পুরোনো বরইগাছ ছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ গাছটি কাটার পর থেকে এ সমস্যা শুরু হয়েছে। জিন তো একজনকে মেরেই ফেলেছে, এখন আমার নাতনিকে ধরেছে। কর্তৃপক্ষ জিন আসা বন্ধ করলে আবার শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাবে।’
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গিয়ে দেখা যায়, দুটি বিদ্যালয় পাশাপাশি। মাঝে মাঠ। বিদ্যালয় দুটির শ্রেণিকক্ষ খালি পড়ে রয়েছে। অফিস কক্ষে কয়েকজন শিক্ষক রয়েছেন। বিদ্যালয় ভবনের পেছনে একজন লোক ঘোরাঘুরি করছেন। তাঁর নাম মাসুদ মিয়া বলে জানালেন। তিনি কবিরাজ। বিদ্যালয়ের কোন জায়গায় জিন রয়েছে তা খুঁজছেন তিনি। তাঁর সঙ্গে অসুস্থ এক শিক্ষার্থীর বাড়িতে যান এই প্রতিবেদক।
কবিরাজ মাসুদ মিয়া বলেন, ‘বিদ্যালয়ে জিন রয়েছে। নবম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহানকে জিনে ধরেছে। ওই শিক্ষার্থীকে জপানোর (জবাব) ব্যবস্থা করেছিলাম। ওই শিক্ষার্থী তাকে জিন ধরেছে বলে জানিয়েছে।’
অষ্টম শ্রেণির শিক্ষার্থী পিংকি খাতুন বলে, ‘বিদ্যালয়ে জিন আছে বলে তার বাবা-মা জানিয়েছেন। এ কারণে সে বিদ্যালয়ে আসে না।’
দড়িহামিদপুর ডাক্তার হানিফউদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেহেলী আক্তার বলেন, ‘বিদ্যালয়ে জিন নেই। জিন ধরেছে—এমন ধারণা থেকে রানী খাতুনকে কবিরাজ দিয়ে নির্যাতন করা হয়। এতে সে আরও অসুস্থ হয়ে পড়ে। আমাদের অনুরোধে স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা জানান, তার কিডনিতে সমস্যা হয়েছে। পরে সে মারা যায়। পরে দুজন শিক্ষার্থী বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। এ কারণে গ্রামে ছড়িয়ে পড়ে, বিদ্যালয়ে জিন রয়েছে। এরপর থেকে অভিভাবকেরা শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠান না। বিষয়টি নিয়ে বুধবার বসা হয়েছিল। গ্রামবাসীর কথা, বিদ্যালয় থেকে জিন তাড়ানোর ব্যবস্থা করা হলে শিক্ষার্থীরা আসবে। বিষয়টি আমরা প্রশাসনের লোকজনকে জানিয়েছি।’
প্রাথমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাজেদা বেগম বলেন, ওই বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী অসুস্থ হওয়ায় তার বিদ্যালয়েও শিক্ষার্থীরা আসছে না।
জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান গতকাল বলেন, ‘বিদ্যালয়ে জিন রয়েছে—এটি গুজব ছাড়া কিছু না। ওই গ্রামে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলব। দ্রুত শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার ব্যবস্থা করা হবে।’