জিন্দা পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ শিক্ষক-শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে হামলা, লুটপাট ও মারধরের প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন করেছেন রামপুরা একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। গতকাল বেলা সাড়ে ১১টায় রামপুরা ব্রিজ থেকে রামপুরা পলাশবাগ পর্যন্ত ওই মানববন্ধন হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য দেলোয়ার হোসেন প্রথম আলোকে জানান, ২৪ জানুয়ারি তাঁরা স্কুলের পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার জিন্দা পার্কে শিক্ষাসফরে যান। ওই সময় জিন্দা পার্কের ব্যবস্থাপক শাহীন ও জাকির তাঁদের কাছ থেকে ৫০ জনের খাবার দাবি করেন। এতে অপারগতা প্রকাশ করায় শাহীন, জাকিরসহ বেশ কয়েকজন অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা আহত হন। হামলাকারীরা স্বর্ণালংকার, টাকা-পয়সা, মুঠোফোনসহ বেশ কিছু মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় তাঁরা ওই দিনই রূপগঞ্জ থানায় মামলা করেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।