জিন্দা পার্ক রক্ষায় এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩৩ বছরের পুরোনো জিন্দা পার্ক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হাতে গেলে পার্কটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হবে।
গতকাল সোমবার বিকেলে ‘মুক্তিযুদ্ধের সপক্ষের সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, রাজনৈতিক এবং পরিবেশবাদী সংগঠনসমূহের’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এই অভিযোগ করা হয়। কর্মসূচিতে পার্কটি রক্ষার জন্য সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, জিন্দা পার্কের কার্যক্রম পরিচালিত হয় গণতান্ত্রিক বিশেষ ব্যবস্থায়। বৃক্ষ রোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পাওয়া এই পার্কে ২৫০ প্রজাতির ১০ হাজারের বেশি গাছ আছে। মালিকানা রাজউকের থাকলেও যাদের শ্রম ও আন্তরিকতায় জিন্দা পার্ক আজকের অবস্থায় এসেছে, তাদের হাতেই ব্যবস্থাপনার দায়িত্ব থাকা উচিত। উদ্যোক্তাদের অপসারণ করা হলে প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থাসমৃদ্ধ পার্ক ধ্বংস হয়ে যাবে। বিনোদন ও জ্ঞান আহরণের বিপরীতে পার্কটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হবে।
মানববন্ধন কর্মসূচির আয়োজকেরা বলেন, ভূমিদস্যুতা রাজউকের কাজ নয়। রাজউক রাজধানী উন্নয়নে সঠিক পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত সব প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করুক। একটি পরিকল্পিত নগর উপহার দিক।
কর্মসূচিতে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পলিটব্যুরোর সদস্য রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।
তবে রাজউকের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে পূর্বাচল উপশহর প্রকল্পের পরিচালক ও রাজউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এটা রাজউকের নিজস্ব জমি। কিছু দখলদার এখানে অবৈধ ব্যবসা করছে। রাজউক তাদের উচ্ছেদের উদ্যোগ নিয়েছে। এতে পার্কের ক্ষতি হবে না।