জিন্দা পার্ক রক্ষায় সরকারি হস্তক্ষেপ দাবি
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল প্রকল্প এলাকায় অবস্থিত জিন্দা পার্ক রক্ষায় সরকারের হস্তক্ষেপ দাবি করেছে সচেতন নাগরিক সমাজ। তারা বলেছে, এ বিষয়ে সরকার এখনই উদ্যোগ না নিলে আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল বুধবার সকালে জাতীয় টেনিস ফেডারেশন ভবনে ঐক্য ন্যাপ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়। সচেতন নাগরিক সমাজ আয়োজিত সংবাদ সম্মেলনে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য রাজউক ও সরকারের কাছে জাতীয় স্বার্থে জিন্দা পার্কে উচ্ছেদ অভিযানের অপচেষ্টা চিরতরে বন্ধ করা, একটি সার্থক ‘মডেল পার্ক’ হিসেবে জিন্দা পার্ক পরিচালনাকারীদের বৈধতা দেওয়া এবং রাজউকের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিচার বিভাগীয় হস্তক্ষেপ দাবি করেন।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নেতা বিমল বিশ্বাস। তিনি বলেন, বনজ, ফলদ, ঔষধিসহ লক্ষাধিক গাছ রয়েছে এই পার্কে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। পার্কটি ধ্বংস করলে এলাকাবাসী জীবিকা সংকটে পড়বে।