জিন্দাপার্ক উচ্ছেদের নোটিশের প্রতিবাদ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় অবস্থিত জিন্দাপার্ক উচ্ছেদ করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযানের নোটিশের প্রতিবাদে গতকাল রোববার সকালে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
বিক্ষোভ চলাকালে স্থানীয় অগ্রপথিক পল্লি সমিতি এবং পরিবেশ আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কের কাঞ্চন এলাকায় সড়ক অবরোধ করেন এলাকাবাসী। পরে তাঁরা রাজউকের উচ্ছেদ অভিযানের নোটিশের প্রতিবাদে সমাবেশ করেন।
অগ্রপথিক পল্লি সমিতির সভাপতি তবারক হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সাধারণ সম্পাদক আবু নাসের খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সোবহান খান, কবি মিতালী হোসেন, ন্যাপের নেতা পঙ্কজ ভট্টাচার্য প্রমুখ।
পার্কের উদ্যোক্তা তবারক হোসাইন বলেন, ‘জিন্দাপার্ক শুধু পার্ক নয়, এটি সমাজকল্যাণ সংগঠনের একটি সামাজিক অবকাঠামো। কিন্তু রাজউক আমাদের এই সামাজিক কাঠামো উচ্ছেদ করতে চায়।’
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, জিন্দাপার্কে রাউজকের উচ্ছেদ অভিযান চালানোর কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।