জিন্দাবাহার এলাকায় ওয়াসার পানি এখন আরও খারাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার জিন্দাবাহার, প্রসন্ন পোদ্দার লেন ও আশপাশের এলাকায় ওয়াসার পানিতে পয়োবর্জ্যের গন্ধ। এ নিয়ে এলাকার মানুষ চরম সমস্যায় রয়েছে। কিছু গলিতে ওই পানিতে রান্নাবান্না দূরে থাক, হাত ধোয়াও কঠিন বলে জানিয়েছেন এলাকাবাসী। গতকাল শনিবার এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া যায়।
জিন্দাবাহার দ্বিতীয় গলির ৯/৩ নম্বর বাড়ির বাসিন্দা ইয়াকুব রিয়াজ অভিযোগ করেন, তাঁদের পাঁচতলা বাড়ির প্রত্যেকটা মানুষ চরম কষ্টে রয়েছেন। ওয়াসার পানি সিদ্ধ করার পরও তা বিশুদ্ধ হয় না। ময়লা ফেনা হয়। সে পানিতে গোসল করা বা বাসন মাজতেও খারাপ লাগে।
খোঁজ নিয়ে জানা যায়, এমনিতেই বছরের বেশির ভাগ সময় এসব এলাকার পানিতে বুড়িগঙ্গা নদীর পানির দুর্গন্ধ থাকে। বুড়িগঙ্গা নদীর পানির দূষণ এত বেশি মাত্রার যে, শোধনাগারে শোধন হয় না। চাঁদনীঘাটে পরিশোধিত হয়েও দুর্গন্ধযুক্ত পানি প্রথমেই যেসব এলাকায় সরবরাহ হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে জিন্দাবাহার ও আশপাশের এলাকা।
ওয়াসার দায়িত্বশীল সূত্রও স্বীকার করেছে, ওয়াসার গভীর নলকূপের পানি ও শোধনাগার থেকে আসা পানি একই পাইপলাইনে যুক্ত হয়ে গ্রাহকদের বাসাবাড়িতে যায়। অনেক স্থানে পাইপ ফেটে গেছে। সরবরাহ পানির সঙ্গে যুক্ত হয়েছে নর্দমা ও পয়োলাইনের পানি। ম্যানহোল পথেও ময়লা পানি বেরোয়। এলাকাবাসী বলেন, অনেক দিন খারাপ অবস্থায় থাকার পর এলাকার রাস্তা মেরামত করা হয়। কিন্তু পিচঢালার পর এলাকার অন্তত ৩০টি ম্যানহোলের চারদিক প্রায় এক ফুট নিচে চলে যায়। বৃষ্টি হলে ম্যানহোলের ওপর পানি জমে ঢাকা পড়ে যায়। যার ফলে চলাচল করতে গিয়ে রিকশা যায় উল্টে। জিন্দাবাহারের কাগজের দোকানগুলোয় বাইরে রাখা কাগজ ভিজে যায়। গতকালও তাই হয়েছে বলে সাহাদাত স্টোর, জাহাঙ্গীর ব্রাইডসহ পার্শ্ববর্তী দোকানগুলোর কর্মীরা জানান। তাঁরা বলেন, এই কাগজ শুকালেও কুঁচকে থাকবে। বিক্রি করতে সমস্যা হবে।
ঢাকা ওয়াসার স্থানীয় আঞ্চলিক কার্যালয় থেকে বলা হয়, পানির অবৈধ সংযোগ নিতে গিয়ে অনেকে পুরোনো পাইপ ফাটিয়ে ফেলে। সে জন্য সরবরাহ করা পানিতে ময়লা ঢুকে পড়ে। রাস্তার তুলনায় নিচু ম্যানহোলের ভেতরের পাইপ দিয়েও পয়োপানি ঢুকে পড়ে।