জিন্নাহ বাংলাকে প্রাদেশিক ভাষা করতে চেয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন জাতীয় মহাফেজখানা থেকে প্রথম আলো সংগ্রহ করেছে বায়ান্নর মার্কিন দলিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবমুক্ত করা এসব গোপন দলিলের ভিত্তিতে ধারাবাহিক প্রতিবেদনের আজ নবম কিস্তি

জিন্নাহ বাঙালিকে একটি ছাড় দিয়েছিলেন। তিনি বাংলাকে প্রাদেশিক ভাষার মর্যাদা দিতে চেয়েছিলেন।
১৯৫২ সালের ২৭ ফেব্রুয়ারি করাচির মার্কিন রাষ্ট্রদূতের পক্ষে দ্বিতীয় সচিব ‘চার্লস ডি উইদার্স পাকিস্তানের প্রাদেশিকতাবাদ’ শীর্ষক এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন ওয়াশিংটনে পাঠিয়েছিলেন। তিনি তাতে ওই তথ্য দেন।
ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৪৭ সালের ডিসেম্বরে প্রাদেশিক শিক্ষামন্ত্রীদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে গৃহীত একটি প্রস্তাব পূর্ব বাংলায় ক্ষোভ সৃষ্টি করেছিল। ওই প্রস্তাবে বলা হয়েছিল, পাকিস্তানের জাতীয় ভাষা হিসেবে পর্যায়ক্রমে উর্দু প্রচলন করা হবে। এটা পাকিস্তানের বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠের জন্য একটি অভিশপ্ত বিষয়। আবার ছাত্রদের সামনে রেখে প্রাদেশিকতা-বাদীদের জন্য এটা একটা বিরাট মওকা। ১৯৪৮ সালের গোড়ায় জিন্নাহ তখন একটি ব্যক্তিগত আবেদন রেখেছিলেন। তিনি বলেছিলেন, শেষ পর্যন্ত উর্দুই হবে রাষ্ট্রভাষা। তিনি অবশ্য একটি ছাড় দিয়েছিলেন। বলেছিলেন, বাংলা প্রাদেশিক ভাষা হিসেবে গণ্য হতে পারে। জিন্নাহ বাঙালিদের সতর্ক করে দিয়েছিলেন যে প্রাদেশিকতাবাদ রাষ্ট্রের দেহে বিষতুল্য। তা পাকিস্তানের জন্য ভয়ানক ক্ষতির কারণ হতে পারে।
১৯৪৮ সালের ৬ মার্চ পাকিস্তানের মার্কিন কনস্যুলেটের অ্যাটাশে টমাস ডব্লিউ সাইমন শীর্ষক একটি এয়ার মেইল পাঠিয়েছিলেন ওয়াশিংটনে।
এতে তিনি লিখেছিলেন ১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নাজিমউদ্দিন পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর সপক্ষে করাচিতে পাকিস্তানের গণপরিষদে বক্তব্য দেন। এর ফলে ঢাকায় তাঁর অবস্থান দুর্বলতর হয়েছে। তিনি কবে ঢাকায় ফিরবেন, তা নির্দিষ্ট করে বলা অসম্ভব।
ওই মার্কিন অ্যাটাশে লিখেছিলেন, বাঙালি মুসলমানরা বাংলায় কথা বলেন। এই ভাষার একটি স্বতন্ত্র রাজনৈতিক, সাংস্কৃতিক এবং প্রাদেশিক মূল্য রয়েছে। কী মুসলিম, কী হিন্দু, বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে তাঁরা গর্ববোধ করে। ১৯৪৭ সালের শেষ মাসগুলোতে সমগ্র পাকিস্তানের জন্য উর্দু ভাষার প্রচলন প্রশ্নে আলোচনা চলে। এ সময়ে স্কুলগুলোতে বাংলার পরিবর্তে উর্দু ভাষা প্রচলনের চেষ্টা ব্যর্থ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট (ভিসি) একজন বিশিষ্ট মুসলমান। তিনি আমার (বার্তা লেখক) কাছে প্রকাশ্যে উল্লেখ করেন যে বাংলার পরিবর্তে উর্দুু চালু অসম্ভব। কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা যখন বাঙালিদের সামনে কথা বলেন, তখন তাঁরা বাংলা বা ইংরেজিতে কথা বলতে বাধ্য হন। ছাত্ররা উর্দু প্রচলনের বিরুদ্ধে পৌনঃপুনিকভাবে প্রতিবাদ করে চলেছে। পূর্ব বাংলার মানুষ প্রায় ধরেই নিয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হবে। কিন্তু তারা বিস্মিত হয় যে তাদেরই প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন ১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি করাচিতে ঘোষণা করেন, ‘পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণের অনুভূতি হচ্ছে, উর্দুই হবে একমাত্র ভাষা। উর্দুকে সমগ্র পাকিস্তানের লিঙ্গুয়া ফ্রাঙ্কা (বহু ভাষাভাষী রাষ্ট্রে যে ভাষা যোগাযোগের মাধ্যম বলে স্বীকৃত) হিসেবে গ্রহণ করা যেতে পারে।
মার্কিন অ্যাটাশে এরপর লিখেছেন, বাঙালিদের তরফে এর প্রতিক্রিয়া ছিল স্বতঃস্ফূর্ত। ছাত্ররা পরদিনই মিছিল বের করে। এই লেখা পর্যন্ত দুটো সাধারণ ধর্মঘটের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৯৪৮ সালের ১ মার্চ একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, পূর্ব পাকিস্তানের জনগণের অভিপ্রায় অনুযায়ী তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শক্রমে উপযুক্ত সময়ে ভাষা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। সরকার যে পরিস্থিতির অবনতিতে উদ্বিগ্ন হয়ে পড়েছিল, তারও প্রমাণ মেলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকার প্রদেশের জনগণকে সতর্ক করে দিচ্ছে যে পাকিস্তানের শত্রুরা এই সিদ্ধান্ত থেকে ফায়দা নিতে ইতিমধ্যেই ব্যস্ত হয়ে পড়েছে। তারা এই প্রদেশের মুসলমানদের বিভক্ত করতে চাইছে।’
এর ১৮ দিন পরে জিন্নাহ ঢাকায় ‘উর্দু কেবল উর্দু’ মর্মে বিতর্কিত বক্তৃতা করেছিলেন।