জিপ-অটোরিকশা সংঘর্ষ ছাত্রীসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার ডালম্বা নামক স্থানে গতকাল বুধবার সন্ধ্যায় জিপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রীসহ দুজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সান্তাহার থেকে বগুড়াগামী একটি জিপ উপজেলার ইন্দইল গ্রামের কাছে পৌঁছালে আদমদীঘি থেকে সান্তাহারগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাহাত হোসেন (২২) নামের এক তরুণ নিহত হন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহত যাত্রী কলেজছাত্রী রিমা খাতুন (১৮) মারা যান। রাহাত উপজেলার প্রাণনাথপুর গ্রামের নূর হোসেনের ছেলে এবং রিমা খাতুন নওগাঁ জেলার গাংজোয়ার গ্রামের আবদুর রউফের মেয়ে।
দুর্ঘটনায় আহত দুপচাঁচিয়া উপজেলার সরদারপাড়ার আবদুস সালামের ছেলে মেহেদী হাসান (২৫) ও নিহত রিমার ছোট বোন জুঁই আক্তার (১২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। অপর দুজন বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) শাহিন রেজা জানান, অটোরিকশা ও জিপটি থানা হেফাজতে রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।