জিপি অ্যাকসেলেরেটর দ্বিতীয় ব্যাচের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসুন্ধরায় আজ মঙ্গলবার গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে ‘জিপি অ্যাকসেলেরেটর’ কার্যক্রমের দ্বিতীয় ব্যাচের নির্বাচিত পাঁচ স্টার্টআপ প্রতিষ্ঠান নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: গ্রামীণফোন
বসুন্ধরায় আজ মঙ্গলবার গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে ‘জিপি অ্যাকসেলেরেটর’ কার্যক্রমের দ্বিতীয় ব্যাচের নির্বাচিত পাঁচ স্টার্টআপ প্রতিষ্ঠান নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: গ্রামীণফোন

প্রযুক্তিভিত্তিক দেশীয় উদ্যোগকে সামনে এগিয়ে নিতে সেরা পাঁচ স্টার্টআপ বা নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন। রাজধানীর বসুন্ধরায় আজ মঙ্গলবার গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে ‘জিপি অ্যাকসেলেরেটর’ কার্যক্রমের দ্বিতীয় ব্যাচের নির্বাচিত পাঁচ স্টার্টআপ প্রতিষ্ঠানকে নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। স্বাগত বক্তব্য দেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি।

নির্বাচিত পাঁচ স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো হলো-ক্র্যামসট্যাক, সোসাইন, সিএমইডি, বাজঅ্যালি ও ঘুরি। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিশ্লেষণমূলক তথ্য-উপাত্ত সংগ্রহের উদ্যোগ নিয়ে কাজ করছে ক্র্যামসট্যাক। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে মানুষজন বিভিন্ন ব্র্যান্ড সম্পর্কে কী বলছে ও ভাবছে পদ্ধতিগতভাবে—এসব তথ্য সংগ্রহ করার উদ্যোগ হলো সোসাইন। সাশ্রয়ী উপায়ে স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানতে ক্লাউড-ভিত্তিক চিকিৎসাব্যবস্থার অ্যাপ্লিকেশন হলো সিএমইডি। বিভিন্ন ব্র্যান্ডের জন্য ব্যতিক্রমী মুঠোফোনভিত্তিক বিপণনের উদ্যোগ হলো বাজঅ্যালি। বাংলাদেশ ও দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে উদ্ভাবনী হোটেল ও ভ্রমণ প্যাকেজ রিজার্ভেশন সেবা নিয়ে কাজ করছে স্টার্টআপ ঘুরি।

অনুষ্ঠানে জানানো হয়, সহযোগিতার অংশ হিসেবে এসব স্টার্টআপ প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকার আর্থিক অনুদান ও অন্যান্য কারিগরি সহায়তা দেবে প্রতিষ্ঠানটি। এসডি এশিয়ার সহযোগিতায় প্রাথমিক পর্যায়ে ৫০০ উদ্ভাবনী ধারণার মধ্য থেকে এই ৫ স্টার্টআপকে নির্বাচিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে আগামী চার মাস বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দেবে গ্রামীণফোন। প্রশিক্ষণের অংশ হিসেবে স্টার্টআপগুলো গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে কাজ করার সুযোগ পাবে। প্রযুক্তি খাত-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে উদ্যোক্তাদের যোগাযোগের সেতুবন্ধ হিসেবে কাজ করবে এই কর্মসূচি। নির্দিষ্ট সময়ে দলভিত্তিক এ কর্মসূচি তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক মডেলকে নতুন মাত্রা দেবে বলে জানানো হয় অনুষ্ঠানে।

তারানা হালিম বলেন, এ ধরনের উদ্যোগ নতুন কর্মসংস্থান তৈরি ও দেশের তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে পারে, যা তাদের জঙ্গিবাদের প্রভাবমুক্ত থাকতে সাহায্য করবে। তরুণদের সহায়তা করতে গ্রামীণফোনের মতো যেকোনো প্রতিষ্ঠানের উদ্যোগকে সর্বোচ্চ সহায়তা করবে সরকার।

বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, গ্রামীণফোনের মতো প্রতিষ্ঠানগুলো গ্রাহকের চাহিদা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে। এই জ্ঞান তরুণ উদ্যোক্তাদের গ্রাহকবান্ধব সেবা তৈরিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে গ্রামীণফোন ও এসডি এশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন স্টার্টআপ ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।