জিপি-পিপি নিয়োগ দিতে আ.লীগের গোপন ভোট!
সরকারি কেঁৗসুলি (জিপি ও পিপি) পদে নিয়োগের জন্য আইনজীবী বাছাইয়ে জয়পুরহাট জেলা আওয়ামী লীগ গতকাল মঙ্গলবার দুপুরে গোপন ব্যালটে ভোটের আয়োজন করে। কথিত ওই নির্বাচনে জয়পুরহাট আওয়ামী আইনজীবী পরিষদের কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করেন৷
জয়পুরহাট শহরের সিও কলোনি এলাকার জেলা পরিষদ মিলনায়তনে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়৷ নির্বাচনের আগে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোমিন আহমেদ চৌধুরী৷ জিপি-পিপি পদে ভোট গ্রহণ চলাকালে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ (ক্ষেতলাল, কালাই, আক্কেলপুর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোমিন আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলীসহ জেলা আওয়ামী লীগের নেতারা। আবু সাঈদ আল মাহমুদ স্বপন দাবি করেন, এটা আওয়ামী লীগের কোনো সিদ্ধান্ত নয়৷ জিপি-পিপি পদে নিয়োগের সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আইন মন্ত্রণালয়ের।
জেলা জজ আদালতের একটি দায়িত্বশীল সূত্র জানায়, নিয়মানুযায়ী জিপি-পিপি নিয়োগের জন্য আইন মন্ত্রণালয় থেকে জেলা জজ ও জেলা প্রশাসকের কাছে চিঠি আসে৷ জেলা জজ ও জেলা প্রশাসন থেকে যোগ্য, সৎ আইনজীবীদের একটি তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেখান থেকে মন্ত্রণালয়ের জিপি-পিপি নিয়োগ দেওয়ার কথা৷ কিন্তু এসব পদ দীর্ঘদিন ধরে রাজনৈতিক পদ হিসেবে বিবেচনা করা হয়৷ ক্ষমতাসীন দল-সমর্থিত আইনজীবীদেরই এসব পদে নিয়োগ দেওয়া হচ্ছে৷
জেলা আইনজীবী সমিতির প্রবীণ এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এই প্রথম শুনলাম, দলীয় নেতা-কর্মীদের ভোটে জিপি হিসেবে নিয়োগ পাওয়ার জন্য ভোট হয়।’ গতকালের ভোটে জিপি পদে কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় মোমিন আহমেদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নৃপেন্দ্রনাথ মণ্ডল ও গোলাম মোকাররম চৌধুরী। নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের পিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন গকুল চন্দ্র মণ্ডল ও ফিরোজা চৌধুরী৷ অতিরিক্ত পিপি পদে আবু নাছিম মো. শামিমুল ইমাম ও দেওয়ান আবু সুফিয়ান প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মিজানুর রহামন জানান, গোলাম মোকাররম চৌধুরী ৫৪ ভোট পেয়ে পিপি পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের পিপি পদে গকুল চন্দ্র মণ্ডল ৪৮ ভোট পেয়েছেন। অতিরিক্ত পিপি পদে আবু নাছিম মো. শামিমুল ইমাম ৬২ ভোট পেয়ে সমর্থন পেয়েছেন৷