জিপিএ-৪ পেয়েছেন লিমন, ইচ্ছা ব্যারিস্টারি পড়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিমন হোসেন
লিমন হোসেন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গুলিতে পা হারানো ঝালকাঠির রাজাপুরের কলেজছাত্র লিমন হোসেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৪ পেয়েছেন।
ফলাফল জানার পর লিমন বলেন, ‘আমি এ ফলাফলে তেমন একটা খুশি নই, জিপিএ-৫ পেলে খুশি হতাম।’ অনার্সে ভালো কলেজে ভর্তি হয়ে আরও ভালো ফলাফল করার জন্য চেষ্টা করবেন বলে তিনি জানান। লিমন আরও বলেন, তাঁর ব্যারিস্টারি পড়ার ইচ্ছা। সরকার সহযোগিতা করলে তিনি তা পড়বেন।
আজ শনিবার দুপুরে লিমনের শিক্ষাপ্রতিষ্ঠান পিরোজপুরের কাউখালীর কাঁঠালিয়া পিজিএস বহুমুখী স্কুল অ্যান্ড কারিগরি কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন মাহমুদ লিমনের ফলাফল জানান। লিমন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন।
লিমনের কলেজের অধ্যক্ষ আরও জানান, ২০১২ সালে লিমন প্রথম বর্ষের আটটি বিষয়ে জিপিএ-৪ পেয়েছিলেন। এ বছর চূড়ান্ত পরীক্ষায়ও তিনি আট বিষয়ে গড়ে জিপিএ-৪ পেয়েছেন।
গত ১ এপ্রিল অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে (বিএম/বিজনেস ম্যানেজমেন্ট শাখায়) কারিগরি শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক বিএম শাখার শিক্ষার্থীদের ১৬ বিষয়ে ১৬০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হয়। প্রথম বর্ষে আট বিষয়ের ফাইনাল পরীক্ষা অন্যান্য বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হয়। এবং দ্বিতীয় বর্ষের আট বিষয়ের পরীক্ষাও একইভাবে উচ্চ মাধ্যমিকের সঙ্গে অনুষ্ঠিত হয়। প্রথম বর্ষের ফলাফল উচ্চ মাধ্যমিকের অন্যান্য বোর্ডের ফলাফলের সঙ্গে প্রকাশ করা হয় না। কিন্তু দ্বিতীয় বর্ষের পরীক্ষার নম্বর প্রথম বর্ষের নম্বরের সঙ্গে যোগ করে অন্যান্য বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের সঙ্গে একই তারিখে প্রকাশ করা হয়।

২০১১ সালের ২৩ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ১২ দিন আগে বাড়ির কাছের মাঠে গরু আনতে গিয়ে র‌্যাবের গুলিতে পা হারান রাজাপুরের সাতুরিয়া গ্রামের দরিদ্র পরিবারের সন্তান লিমন হোসেন। আড়াই বছর পর গত ২৯ জুলাই সরকার লিমনের নামে র‌্যাবের দায়ের করা অস্ত্র মামলা প্রত্যাহার করে নেয়।