জিপিএ-৪ পেয়েছেন লিমন, ব্যারিস্টার হওয়ার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে লিমন হোসেন
মায়ের সঙ্গে লিমন হোসেন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গুলিতে পা হারানো ঝালকাঠির রাজাপুরের কলেজছাত্র লিমন হোসেন উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৪ পেয়েছেন।
ফলাফল জানার পর লিমন বলেন, ‘আমি এ ফলাফলে তেমন একটা খুশি নই, জিপিএ-৫ পেলে খুশি হতাম।’ অনার্সে ভালো কলেজে ভর্তি হয়ে আরও ভালো ফল করার চেষ্টা করবেন বলে তিনি জানান। লিমন আরও বলেন, তাঁর ইচ্ছা ব্যারিস্টার হওয়ার।
গতকাল শনিবার দুপুরে লিমনের শিক্ষাপ্রতিষ্ঠান পিরোজপুরের কাউখালীর কাঁঠালিয়া পিজিএস বহুমুখী স্কুল অ্যান্ড কারিগরি কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন মাহমুদ লিমনের ফলাফল জানান। লিমন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন।
নাসির উদ্দিন মাহমুদ আরও জানান, ২০১২ সালে লিমন প্রথম বর্ষের আটটি বিষয়ে জিপিএ-৪ পেয়েছিলেন। এ বছর চূড়ান্ত পরীক্ষায়ও তিনি আট বিষয়ে গড়ে জিপিএ-৪ পেয়েছেন।
গত ১ এপ্রিল অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে (বিএম/বিজনেস ম্যানেজমেন্ট শাখায়) কারিগরি শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক বিএম শাখার শিক্ষার্থীরা ১৬ বিষয়ে ১৬০০ নম্বরের পরীক্ষায় অংশ নেয়।
২০১১ সালের ২৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষার ১২ দিন আগে বাড়ির কাছের মাঠে গরু আনতে গিয়ে র‌্যাবের গুলিতে পা হারান রাজাপুরের সাতুরিয়া গ্রামের দরিদ্র পরিবারের সন্তান লিমন হোসেন। আড়াই বছর পর গত ২৯ জুলাই সরকার লিমনের নামে র‌্যাবের দায়ের করা অস্ত্র মামলা প্রত্যাহার করে।