জিপিএ-৫ অর্জনে রাজশাহী বোর্ডে সেরা বগুড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষা বোর্ডে বগুড়া এবারও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনে শীর্ষস্থান ধরে রেখেছে। এই জেলা থেকে ৩ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জেলায় পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, জেলায় মোট ২৮ হাজার ৬৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬ হাজার ১৫৮ জন। পাসের হার ৯১.৩৪ শতাংশ। শীর্ষে থাকলেও এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। গতবার এ সংখ্যা ছিল ৪ হাজার ৫০২ জন।

বোর্ডে মোট শিক্ষার্থী ছিল ১ লাখ ৬৬ হাজার ৯৩৮। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৩৪৯ জন। এর মধ্যে সর্বোচ্চসংখ্যক জিপিএ-৫ পেয়েছে বগুড়া থেকে। দ্বিতীয় অবস্থানে আছে রাজশাহী জেলা। ২ হাজার ৪১৯ জন জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থানে আছে নওগাঁ। এরপর আছে পাবনা, সিরাজগঞ্জ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ। সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে জয়পুরহাট জেলায়, ৯০৫ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার বলেন, বগুড়ায় ১৪ হাজার ৯৭৪ জন ছাত্রের মধ্যে পাস করেছে ১৩ হাজার ৬১৯ জন। ছেলেদের পাসের হার ৯০.৯৫। অন্যদিকে ১৩ হাজার ৬৬৩ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ১২ হাজার ৫৩৯ জন। মেয়েদের পাসের হার ৯১.৭৭। ছেলেদের তুলনায় মেয়েরা ফল ভালো করেছে।

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ২৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ২৩৯ জন। বগুড়া জিলা স্কুল থেকে এবার ২৬৬ জন ছাত্র পরীক্ষা দেয়। ফেল করেছে একজন। জিপিএ-৫ পেয়েছে ২৩৫ জন। ভালো ফল করা বিদ্যালয়গুলোর মধ্যে আছে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (এপিবিএন) প্রমুখ।