জিপিএ-৫-এ ছেলেরা পাসে মেয়েরা এগিয়ে
দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসিতে এবার পাসের হার ৭৫ দশমিক ৪১ ভাগ; যা গত বছরের চেয়ে ৯ দশমিক ২৩ ভাগ বেশি। মোট জিপিএ-৫ পেয়েছেন পাঁচ হাজার নয়জন। গত বছরের মতো পাসের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ এ মেয়েদের চেয়ে ছেলেরা ভালো করেছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী এবার এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার ৫০৪টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ৮৫ হাজার ৭৭৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪২ হাজার ৮৫৬ জন ছাত্রী ও ৪২ হাজার ৯১৭ জন ছাত্র। মেয়েদের পাসের হার ৭৬ দশমিক ৩৬ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ২৩৪ জন। ছেলেদের পাসের হার ৭৪ দশমিক ৪৬ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৭৭৫ জন। ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। অন্যদিকে পাঁচটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব আবদুল মজিদ জানান, চার বছরের ধারাবাহিকতায় বোর্ডের সাফল্য ঊর্ধ্বমুখী। প্রথম পরীক্ষা অনুষ্ঠানের বছর ২০০৯ সালে, পাসের হার ছিল ৫৫ দশমিক ৯০ ভাগ, ২০১০ সালে ৭৬ দশমিক ৫৪ ভাগ এবং গত বছর ৬৬ দশমিক ১৮।বোর্ডের সচিব আবদুল মজিদ আরও জানান, নতুন বোর্ড হিসেবে চতুর্থবারের মতো এইচএসসি পরীক্ষা আয়োজন, উত্তরপত্র মূল্যায়ন এবং সরকার নির্ধারিত সময়ের মধ্যে অত্যন্ত সাফল্যজনকভাবে ফলাফল প্রকাশ করতে পেরেছে। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে এ বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারী দৃঢ় প্রতিজ্ঞ বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।