জিপিএ-৫-এ মেয়েরা ও পাসে ছেলেরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গত বছরের তুলনায় এ বছর যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ তিন গুণের বেশি বেড়েছে। বেড়েছে পাসের হারও। এবার পাসের হারে ছেলেরা এবং জিপিএ ৫-এ মেয়েরা এগিয়ে রয়েছে।
শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, এ বছর এ বোর্ডের অধীনে দুই হাজার ৭০৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক লাখ ৭৭ হাজার ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে এক লাখ ৫৭ হাজার ৫৯৩ জন পাস করেছে। পাসের হার ৮৯ দশমিক শূন্য তিন। গত বছর পাসের হার ছিল ৮৫ দশমিক ২৮। এবার মেয়েদের পাসের হার ৮৮ দশমিক ৭৮ ও ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ৩। এ বছর ১৪ হাজার ৭০৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর পেয়েছিল তিন হাজার ৯৭৮ জন। এবার সাত হাজার ৮৬৭ মেয়ে ও ছয় হাজার ৮৩৭ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে।
বোর্ড থেকে আরও জানা গেছে, বোর্ডে সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে খুলনার সরকারি করনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রথম, ঝিনাইদহ ক্যাডেট কলেজ দ্বিতীয় ও খুলনা জিলা স্কুল তৃতীয় স্থান অর্জন করেছে। এ তালিকায় যশোর ও খুলনার সাতটি করে, কুষ্টিয়া ও সাতক্ষীরার দুটি করে এবং ঝিনাইদহ ও মেহেরপুর জেলার একটি করে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এ তালিকায় মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্থান পায়নি। এ তালিকায় যশোরের ঝিকরগাছা উপজেলার শেখ আকিজউদ্দীন উচ্চবিদ্যালয় (১৪তম) ও কেশবপুর উপজেলার কেশবপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯তম) ও মেহেরপুর জেলার গাংনী উপজেলার সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ (২০তম) স্থান পেয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবু দাউদ জানান, এবারের পরীক্ষার্থীরা পিএসসি পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা নিয়ে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এ জন্য তারা একটু বেশি ভাল করেছে।