দিনাজপুরে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে মেয়েরাই এগিয়ে রয়েছে। এই বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে দিনাজপুরের চিরিরবন্দরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম স্থানসহ সেরা ২০-এর ছয়টিতেই রয়েছে দিনাজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
ফলাফলে দেখা গেছে, দিনাজপুর বোর্ড থেকে মোট এক লাখ ৭৪ হাজার ৮৫৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে মেয়ে ৮৯ হাজার ৫০৪ এবং ছেলে ৮৫ হাজার ৩৫৪ জন। মোট কৃতকার্য হয়েছে এক লাখ ৫৫ হাজার ৪৭৩ জন। ছাত্রীদের পাসের হার ৮৮ দশমিক ৬৮ ভাগ এবং ছাত্রদের পাসের হার ৮৯ দশমিক ১৬ ভাগ। তাদের মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৮৩৬ জন। এর মধ্যে সাত হাজার ৯৮৩ জন ছাত্রী এবং সাত হাজার ৮৫৩ জন ছাত্র।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, রংপুর বিভাগের অধীনে আট জেলা থেকে এবার তিন হাজার ২০টি স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫০৫টি স্কুলের শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
ফলাফল মূল্যায়ন করতে গিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বলেন, এ নিয়ে চতুর্থবারের মতো জেএসসি পরীক্ষা হলো নতুন এই বোর্ডে। ক্রমান্বয়ে ফল ভালো হচ্ছে। এবার হরতাল-অবরোধের কারণে পরীক্ষার সময়সূচি বারবার পরিবর্তন করতে হয়েছে। অভিভাবক এবং শিক্ষার্থীরা চরম হতাশায় ছিল। চরম আতঙ্কের মাঝে পরীক্ষকদের কাছে মূল্যায়নের জন্য খাতা পাঠানো হয়েছে। এত প্রতিকূলতার পরও নির্দিষ্ট দিনেই ফলাফল প্রকাশ করা সম্ভব হয়েছে।
বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে ভালো করেছে, তারাই জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে রয়েছে। আগে চতুর্থ বিষয় এবং চারু ও কারুকলা ছিল না। এবার এই দুটি বিষয়ে নম্বর যোগ হওয়ায় ফল ভালো হয়েছে।
আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, স্কুলের ১০৭ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। ইংরেজি, চারুকলায় পারদর্শিতা এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য স্কুলের ফল ভালো হয়েছে।
দিনাজপুর জিলা স্কুলের শিক্ষার্থী আবদুল্লাহ্-আল রিয়াদ জানায়, কোচিং সেন্টার থেকে মুখ ফিরিয়ে শিক্ষকেরা স্কুলেই শিক্ষার্থীদের পড়ালেখা করতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। এ কারণেই ভালো ফল হয়েছে।