জিপিএ-৫-এর মিছা মালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখতার জাহান
আখতার জাহান

আমার নাম ইমাম আলি পুরখা। কেউরে তেলায়া কথা কই না, ছাইড়াও না। উচিত কথা তিতা লাগে।

জেন্দেগানিতে যা দেখুম তো দূরের কথা, হুনিবি নাই; আল্লায় ওইটাই দেখাইতাছে। রোজ কেয়ামত নজদিক নিকি? সারা জেন্দেগিতে দেখছি পোলাপান পড়ব-লেখব, বুঝব-জানব, বিদ্বান হইব। নিজের মুখ রোশনি হইব, দ্যাশের মুখবি। মুখ রোশনি হওয়া দূরের কথা, ভাঙ্গা পাইলার কালি দিয়া জাতির মুখ কালা করতাছে।

ময়-মুরব্বিরা কইছে, ট্যাকাপয়সা ধন-দৌলত চুরি-ডাকাইতি হইবার পারে, মাগার বিদ্বান মানুর জ্ঞান-বিদ্যা কেউ চুরি-ডাকাইতি করবার পারে না। জ্ঞান-বিদ্যা তেজারতির চিজ না। এইটা দান কইরা মানু বড় অহে। এই যে মানু বানানের কারিগরেরা, আপনেগো ইজ্জত তো সবতের উপরে আছিল। এইটা কী করলেন? বাড়িগাড়ির লালচে ইজ্জত তো ধুলায় লুটায়া দিলেন। আমারে জওয়াব দেন, ইজ্জতের থেকা কি এইটা বড়? এই যে পোলাপানগো দিমাগে কিলবিলা কিড়া হান্দায়া দিতাছেন, ইকজিসি তলায়া দেখছেন, সামনে আপনেগো পোলাপানবি যে এই কাতারে শামিল হইব। মুক্তিযুদ্ধ কইরা তামাম দুনিয়ায় আমাগো মাথা উঁচা হইছে। অহন শরমে নিজের মুখ নিজেই দেখবার পারি না। যে কাম ভিনদেশিরা পারে নাই, ছাত্র-মাস্টার মাইরা পাকিস্তানিরা আমাগো কম্মড় ভাইঙ্গা দিবার পারে নাই; আপনেরা এই দ্যাশে যে উলুর মথন নিজেগোই খোকলা কইরা ফালাইতাছেন। লালচের জিঞ্জিরে বান্দা পইড়া নিজেগো আক্কল তো ধুইয়া খাইছেন। ছয় বচ্ছরের যে বাচ্চা হপায় আন্ডা থেকা ফুটছে, কী কসুর অগো, যে অহনই দিমাগ পচায়া ফালান লাগব? কুদরতের বড় সালামি তো পোলাপান। এত বড় হিম্মত আইছে কইতথেকা প্রশ্নপত্র ফাঁস কইরা অগো জিন্দা লাশ বানায়া দিবার? সামনে যে পুরা জাতি জিন্দা লাশ হয়া যাইব।

এই যে হালারা, ওই দিন বেশি দূরে না, মানু তগো সামনে পাইলে মাহাক্কল জিনের ভোগ হিসাবে লটকায়া রাখব। আর এই পোলাপানের বাপ-মায়েগো কই, নাল্লতের তক্তা তো আপনেগো গলাতেই ঝুলতাছে। হারামের কামাই নিকি? পোলাপানগো বিদ্যার জাহাজ বানাইবার লেগা দিন-রাইত এক কইরা ফালাইতাছেন? এ প্লাসের মিছা মালা গলায় ঝুলাইবার লেগা উরাধুরা বিদ্যা ঠুসবার চান। আসলে তো বিদ্বান বানাইবার চান না, করবার চান লগ্নি। এই সব কইরাবি আপনেগো দিলে তসল্লি আহে না। মওকা পাইলেই লালচের হাত পাইতা বহেন চোরেগো কাছ থেকা প্রশ্নপত্র কিনবার। আপনেগো এই সব নাকাম দেইখা পোলাপানবি এই গলদ কামরেই সহি মনে করব। গলদরে সহি মনে করায়া এই নয়া পোলাপানগো, এই তামাম জাতিরে তেরো হাত মাটির নিচে আন্ধারে গাইড়া দিতাছেন। চোখে লালচের ঠুলি বাইন্ধা এইটাবি বুঝবার পারতাছেন না, চিৎ হয়া থুক মারলে নিজের মুখেই পড়ে।

আপনেরা সোচ করতাছেন, আমার বুঝি আজাইরা খায়া গাজাইরা গীত গাওন ছাড়া কুনু কাম নাই। আমলীগোলার চৌরাস্তায় খাড়ায়া হুদাই চিল্লাইতাছি। আব্বে লাল্লু, এতোয়ারী, তরা কিছু কছ না কেল্লেগা? আমি যে বাকখান করতাছি তগো কানে যায় না? সবতে মুখে কুলুপ ঠুইসা কই যাছ?

আখতার জাহান পুরান ঢাকার বাসিন্দা, লেখেন ঢাকাইয়া ভাষায়।