জিপিএ-৫-এর সংখ্যায় সেরা দশের নয়টিই শহরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফলাফলের দিক থেকে প্রথম হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। তবে জিপিএ-৫-এর সংখ্যা বিবেচনায় সেরা ১০টি কলেজের তালিকায় প্রথম হয়েছে হাজী মুহাম্মদ মুহসীন কলেজ। এই কলেজ থেকে ৩৫১ জন জিপিএ-৫ পেয়েছে। গতবার বোর্ডে এ প্রতিষ্ঠানটি ছিল দ্বিতীয়। এই তালিকার মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান চট্টগ্রাম নগরের বাইরের।এবার জিপিএ-৫-এর সংখ্যার দিক থেকে দ্বিতীয় হয়েছে চট্টগ্রাম সরকারি কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৩০৯ জন জিপিএ-৫ পেয়েছে। তৃতীয় হয়েছে সরকারি সিটি কলেজ। তালিকার অন্যান্য কলেজ হলো সরকারি কমার্স কলেজ (১৪৫), চিটাগাং পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (১৪৩), সরকারি গার্লস কলেজ (৯৮), ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ (৯৪), নৌবাহিনী কলেজ (৫৯), ফৌজদারহাট ক্যাডেট কলেজ (৪৭) এবং কক্সবাজার সরকারি কলেজ (৩৩)।দীর্ঘদিন পর হাজী মুহাম্মদ মুহসীন কলেজ জিপিএ-৫-এর দিক থেকে প্রথম হয়েছে। তাই সকালে ফলাফল ঘোষণার আগে থেকেই সেখানকার পরিবেশ ছিল উৎসবমুখর। কলেজ অধ্যক্ষ হুমায়ূন কবির শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমরা তোমাদের বলেছিলাম তোমরা প্রতিযোগিতা করবে পাশের চট্টগ্রাম কলেজের সঙ্গে। আজ তোমরা সেই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছ।’সাফল্যে আত্মহারা সানজিদা ইসলাম, সোয়াদ আলী, মুনতাহিরা খালেক মো. ইউছুফেরা। তাঁরা বলেন, ‘আমরা সবাই জিপিএ-৫-পেয়েছি, তাই খুশি। তার চেয়ে বড় কথা, আমাদের কলেজ এবার প্রথম হয়েছে।’ পাশের চট্টগ্রাম কলেজেও উৎসবের কমতি ছিল না। এখানকার তাসকিন জাহান, নুসরাত জাহান, রেবেকা সুলতানা, রায়হানরা জিপিএ-৫ পেয়ে এখন উচ্চতর ডিগ্রির স্বপ্ন দেখছে। হইহুল্লোড়ের ফাঁকে তাঁদের কেউ চিকিৎসক কেউ বা প্রকৌশলী হওয়ার স্বপ্নের কথা জানান।গতবারের তুলনায় খারাপ ফল সম্পর্কে কলেজ অধ্যক্ষ শেখর দস্তিদার প্রথম আলোকে বলেন, ‘এবার আমাদের কলেজে মানবিক বিভাগ থেকে প্রায় ৪০০ প্রাইভেট পরীক্ষার্থী ছিল। তাদের বেশির ভাগই অকৃতকার্য হয়েছে। তাই সার্বিক ফলাফলে এর প্রভাব পড়েছে।’মেয়েরা এগিয়ে: এবারের ফলাফলেও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এবার সব বিভাগ মিলিয়ে মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ১৬ শতাংশ। আর ছেলেদের হার ৭২ দশমিক ১৯ শতাংশ। গতবার মেয়েদের হার ছিল ৭৭ দশমিক ৫৪ এবং ছেলেদের হার ৭৫ দশমিক ১৮ শতাংশ।শতভাগ পাস ধর্মে, বেশি অকৃতকার্য পুষ্টিবিজ্ঞানে: আরবি ও সংস্কৃতি বিষয়ে পাসের হার শতভাগ। এর বাইরে সবচেয়ে বেশি পাস করেছে ইংরেজি প্রথম পত্রে, যার পরিমাণ ৯৪ শতাংশ। ইংরেজি দ্বিতীয় পত্রে পাসের হার ৭০ শতাংশ। আর সবচেয়ে কম পাস করেছে খাদ্য ও পুষ্টিবিজ্ঞানে। এর হার ৬০ শতাংশ।শতভাগ পাস: মোট সাতটি প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে। এর মধ্যে ফৌজদারহাট ক্যাডেট কলেজ (৫০) ছাড়াও রয়েছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থীর সংখ্যা ৪৬ জন), ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজ (৪৫), দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া কলেজ (২৪), কক্সবাজার কমার্স কলেজ (১৮), কাফকো স্কুল অ্যান্ড কলেজ (১৫) ও রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ (১)।