কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও পাসের হার কমেছে। তবে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। গতবারের মতো এবারও মেয়েদের তুলনায় ছেলেরা ভালো ফল করেছে। শীর্ষ ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রায় সবগুলোই জেলা শহর ও উপজেলা সদরের। গতকাল সোমবার প্রকাশিত ফলাফল বিবরণীতে ওই তথ্য পাওয়া গেছে।শিক্ষাসংশ্লিষ্ট মহল ও বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যবসায় শিক্ষা শাখায় অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় সার্বিকভাবে বোর্ডের ফলাফল কিছুটা খারাপ হয়েছে। জিপিএ-৫-এর সংখ্যাও কমেছে। তার ওপর সৃজনশীল প্রশ্ন থাকায় শিক্ষার্থীরা যথার্থভাবে উত্তর উপস্থাপন করতে পারেনি।কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, এ বছর এসএসসিতে কুমিল্লা বোর্ড থেকে এক লাখ ২৯ হাজার ১০৮ জন পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছে এক লাখ ১০ হাজার ১৩১ জন। পাসের হার ৮৫ দশমিক ৬৪। এ বছর বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৯৯৩ জন পরীক্ষা দিয়ে ২২ হাজার ৮৩৬ জন কৃতকার্য হয়েছে; পাসের হার ৯৫ দশমিক ৪৬ শতাংশ। মানবিক বিভাগে ২৮ হাজার ৯৮৪ জন পরীক্ষা দিয়ে ২২ হাজার ১২২ জন কৃতকার্য হয়; পাসের হার ৭৬ দশমিক ৮৭ শতাংশ। ব্যবসায় শিক্ষা শাখায় ৭৬ হাজার ১৩১ জন পরীক্ষা দিয়ে ৬৫ হাজার ১৭৩ জন কৃতকার্য হয়; পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ।এদিকে এবার কুমিল্লা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ১৭৯ জন। এর মধ্যে ছাত্র তিন হাজার ৪৯ জন এবং ছাত্রী দুই হাজার ১৩০ জন। তথ্যানুসন্ধানে জানা গেছে, গত বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৫। এবার পাসের হার কমেছে দশমিক ২১ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল পাঁচ হাজার ৯৮১ জন। এবার ওই সংখ্যা কমেছে ৮০২টি। কুমিল্লা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মমিনুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মুখস্থনির্ভর প্রবণতা ও সিলেবাসভীতির কারণে জিপিএ-৫-এর সংখ্যা কমেছে। গ্রামাঞ্চলের স্কুলগুলো আরও প্রত্যাশিত ফল না করায় সার্বিকভাবে পাসের হারও কিছুটা কমেছে।’ বেড়েছে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা: এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার ৫৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছে।কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সোমেশ কর চৌধুরী বলেন, ‘এবারের এসএসসি পরীক্ষায় অধিকাংশ বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন হয়েছে। উচ্চতর দক্ষতাসম্পন্ন কিছু প্রশ্ন থাকায় পরীক্ষার্থীরা ঠিকভাবে উত্তর দিতে পারেনি। শিক্ষকেরাও এসব বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষণ নিতে পারেননি। যে কারণে জিপিএ-৫-এর ওপর প্রভাব পড়েছে।’বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুন্ডু গোপীদাস বলেন, ‘ব্যবসায় শিক্ষা শাখায় পাসের হার ও জিপিএ-৫ কম থাকায় সার্বিক ফলাফলে কিছুটা প্রভাব পড়েছে। তার পরও ফলাফলে সন্তুষ্ট আমি।’