বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ ও পাসের হার দুটোতেই ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর বরিশাল শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৬ হাজার ৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৩ হাজার ১৮১ জন। পাসের হার শতকরা ৯৭ দশমিক ২৬ ভাগ। এর মধ্যে মেয়েরা পাস করেছে ৫৩ হাজার ৮৫২ জন। উত্তীর্ণ ছেলেদের সংখ্যা ৪৯ হাজার ৩২৯। মেয়েরা ৪ হাজার ৫২৩ জন বেশি পাস করেছে।
এদিকে বরিশাল বোর্ডে জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৪৬৪ জন। এর মধ্যে ৮ হাজার ৫৬১ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। ছেলেরা পেয়েছে ৪ হাজার ৯০৩ জন। ছেলেদের তুলনায় মেয়েরা ৩ হাজার ৬৫৮টি জিপিএ-৫ বেশি পেয়েছে।
বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন প্রথম আলোকে বলেন, ‘মেয়েদের বেশি পড়িয়ে লাভ নেই, সে ধারণা পাল্টে গেছে। এখন অভিভাবকেরা যেমন সচেতন হয়েছেন, তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ভালো হওয়ায় মেয়েরা ফলাফলে এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের মেধা-মনন ও আন্তরিকতার অভাব নেই। এর সঙ্গে শিক্ষক ও অভিভাবকেরা নিবিড়ভাবে সহযোগী হয়ে কাজ করছেন। যার ফল প্রাথমিক শিক্ষা সমাপনী, জেএসসি, এসএসসিসহ অন্য পরীক্ষায় পাওয়া যাচ্ছে।’
বরিশাল শিক্ষা বোর্ডের সচিব মো. আবদুল মোতালে হাওলাদার বলেন, অনেক বাবা ও মায়ের আন্তরিকতার কারণেই মেয়েরা এগিয়ে এসেছে। নারী-পুরুষের সমান অংশীদারত্বে যে বাংলাদেশ আমরা দেখতে চাই, তার প্রতিফলন ঘটছে এ পরীক্ষায়।
এ ব্যাপারে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর প্রথম আলোকে বলেন, ‘কর্মমুখী শিক্ষা বিষয় যোগ হওয়ায় শিক্ষার্থীরা আগের চেয়ে ফলাফল ভালো করছে। ছেলেদের তুলনায় মেয়েরা পড়াশোনায় বেশি মনোযোগী। তারা পড়াশোনার পেছনে যতটা সময় দেয়, ছেলেরা বাইরে বেশি থাকায় ততটা সময় দেয় না। এসব কারণে ধারাবাহিকভাবে মেয়েরা ফলাফলে এগিয়ে যাচ্ছে।’