সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্দেশ দিয়ে রোবোটিক কায়দায় শিশুদের বড় করা হচ্ছে। তাদের ওপর জিপিএ-৫ নির্যাতন চলছে। জিপিএ-৫-এর পেছনে না ছুটে শিশুদের সুকুমার মনের বিকাশ ঘটাতে হবে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন। গতকাল শনিবার সকালে ব্রাইটার টুমরো ফাউন্ডেশন নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘শিশুদের আঁকা ছবি দেখলেই তাতে মা-বাবার নির্দেশ আছে বোঝা যায়। বড়দের পক্ষে বোঝা সম্ভব না, তাদের মনে কী চলছে। শিশুদের পড়াশোনার পাশাপাশি প্রকৃতি-আকাশ-নদী-ফুল-পাখি চেনাতে হবে। তাদের গ্রামে নিয়ে যেতে হবে।’
সংগঠনের সহসভাপতি রাশেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য অরূপ রতন চৌধুরী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের উপদেষ্টা অধ্যাপক এ এস এম বদরুদ্দোজা, পর্বতারোহী এম এ মুহিত, বেটার টুমরো ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ফারসিক ভূইয়া, শিল্পী তরুণ ঘোষ, ভারত বিচিত্রা-এর সম্পাদক নান্টু রায়, ব্রাইটার টুমরো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জয়শ্রী জামান প্রমুখ।
আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া ৬০ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়।