জিপিএ-৫ নেই তো কী হয়েছে?

শতাব্দী সরকারের মাথায় এখন একটাই চিন্তা, ভালো কলেজ ভাগ্যে জুটবে তো! কিন্তু সেটা হলেও ডাক্তারি পড়া নিয়ে আছে চিন্তা। শতাব্দী এবারের মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পায়নি। ঠিক কাছে গিয়ে ফিরে এসেছে। এই একটুর আফসোস আছে অনেকেরই। এ রকমই না পাওয়া কয়েকজনের সঙ্গে কথা বলে জানার চেষ্টা, কী ভাবছে তারা।
৪ মে বেরিয়েছিল এসএসসির ফলাফল। এবার গড় পাসের হার ছিল ৮১ দশমিক ২১ শতাংশ, যা গতবার ছিল ৮৮ দশমিক ৭০ শতাংশ। এবার মোট জিপিএ-৫-এর ৯৪ শতাংশই এসেছে বিজ্ঞান বিভাগ থেকে।
মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪.৯১ শতাব্দীর। সমস্যাটা কোথায় ছিল শতাব্দীর? উচ্চতর গণিত পরীক্ষা কিছুটা খারাপ হয়েছে। সে আশা করেছিল জিপিএ-৫-এর। মা রাগ করেছিলেন। সবারই আশা ছিল, ভালো কিছু হবে। শতাব্দী বলে, ‘রেজাল্ট পাওয়ার পর অনেক কষ্ট পাই। এখন আরেক কষ্ট হচ্ছে কলেজে ভর্তি নিয়ে।’ কিছুটা অভিমানের সুরেই সে বলে, ‘শুধু যারা এ প্লাস পেয়েছে, তারাই কি ভালো কলেজে পড়ার সুযোগ পাবে? বাকিদেরও তো অধিকার আছে।’
স্মরণ সিংহ নীলফামারীর ডিমলা রানী বৃন্দা রানী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছে ৪.৯৫। সে ধরেই নিয়েছিল জিপিএ-৫ পাবে। কিন্তু সমাজবিজ্ঞানে নম্বর কম এসেছে। পুনর্মূল্যায়নের জন্য আবেদনও করেছে। আশা, ভালো কিছু হবে। রংপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা। কিন্তু বাধা যে ওই জিপিএ-৫ না পাওয়া! পরিবারের সবারই আশা ছিল, হয়নি। তবে এইচএসসিতে যে পেতেই হবে।
চারদিকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জয়জয়কার। কলেজে ভর্তি হওয়া নিয়ে পছন্দ-অপছন্দেরও সুযোগ রয়েছে। অবশ্যই তারা চেষ্টা করেছে, ভালো ফলও পেয়েছে। কিন্তু এই একটুর জন্য কাঙ্ক্ষিত ফলটি যাদের হাতছাড়া হলো, চেষ্টার কমতি তাদেরও কম ছিল না।
কিশোরগঞ্জের এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নাফিসা বিনতে ইসলাম নিজে কষ্ট পেয়েছে। তবে পরিবারের লোকজন উল্টো তাকে বুঝিয়েছে। নাফিসা মুঠোফোনে বলে, ‘সবাই বলেছে ভালোই করেছ, একটুর জন্য তো, ইন্টারে ভালো হবে।’ সবার ভরসা পেয়ে খারাপ লাগাটা কমেছে। নাফিসার মা খায়রুন্নাহার ইসলাম বলেন, নম্বরগুলো খুব কাছাকাছি। মেয়ে কষ্টও করেছে। আফসোস নেই, ভবিষ্যতে ভালো করবে, এটাই আশা।’
কয়েকটি পরীক্ষা দিয়েই বাসায় বলে রেখেছিল ভালো কিছু না-ও হতে পারে। ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে সে-ও পেয়েছে ৪.৯৫। নিজের নাম প্রকাশ করতে চায়নি। বেশ কিছু অনুযোগ করল। সে বলে, ভালো কলেজগুলো জিপিএ-৫-এর বাইরে নেয়ই না, তবে একটুর জন্য যাদের মিস হয়েছে, তারা কী করবে। এবার পায়নি, তাই বলে পরেরবারও যে পাবে না, এমন তো নয়। পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছে সে। আশা, ফলাফল পরিবর্তন হবে।
অনেকেই বাসায় মিষ্টি নিয়ে এসেছে। কিন্তু নিজেরা যেতে পারেনি কারও বাসায়। মন খারাপের কারণে সে মিষ্টি খাওয়া হয়নি। যারা খুব কাছেই গিয়েও পায়নি, তারা অনেকগুলো কারণ নিয়েই ভাবছে। নির্দিষ্ট বিষয়ে খারাপ করা ছাড়াও কয়েকজন সৃজনশীলতার সময় নিয়ে অভিযোগ করে। নির্ধারিত সময়ের মধ্যে সব লিখে শেষ করতে পারছে না।
এ ছাড়া নৈর্ব্যক্তিক প্রশ্ন কমে যাওয়াসহ নিজেদের আত্মসমালোচনাও করে তারা। মোবাইল, ইন্টারনেটে সময় কাটানো, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি হওয়ার কথাও বলে। তবে সবকিছু ছাপিয়ে লক্ষ্য একটাই, এইচএসসিতে ভালো করার। ভালো কলেজ না জুটলেও ভালো বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি হতেই হবে।