জিপিএ-৫ পাওয়ার খুশি শোকে বিবর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে হিমেল দাশ সুপেন (১৫)। কিন্তু এই ফলাফল কোনো দিনই জানতে পারবে না সে। গত রোববার অপহরণের পর বান্দরবান নিয়ে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ফল প্রকাশের দুই দিন পর গতকাল শনিবার সন্ধ্যায় তার গলিত লাশ উদ্ধার করা হয়।পুলিশ সূত্র জানায়, হিমেল অপহরণকারীদের চিনে ফেলায় তাকে খুন করা হতে পারে। এ ঘটনায় নজরুল ইসলাম ও মাহমুদুল ইসলাম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দুজন ভাই। মাহমুদ নিহত হিমেলের এক বন্ধু সোহেলের ভগ্নিপতি। হিমেল সাতকানিয়ার ধর্মপুর এলাকার মৃত সুনীল দাশের ছেলে। সুনীল দাসের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সে সবার ছোট। তার মা পাপিয়া সেন পটিয়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাহমুদের সঙ্গে বান্দরবান বেড়াতে যাওয়ার কথা বলে গত রোববার হিমেল ডবলমুরিং থানার পাশের বাসা থেকে বের হয়। এরপর সোমবার ও মঙ্গলবার তার মোবাইলে ফোন করে বন্ধ পাওয়া যায়। পরে বুধবার তার মা নজরুল ইসলামের মোবাইলে ফোন দেন। তখন তিনি অসংলগ্ন কথা বলতে থাকেন। পরদিন বৃহস্পতিবার বাসায় আসবেন বলে জানান। ওই দিন হিমেলের মা পাপিয়া সেন ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে হিমেলের বাসায় আসেন মাহমুদ। তিনি হিমেলের ব্যাপারে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। মাহমুদ এক লাখ টাকা চেয়ে বলেন, টাকা দিলে কালই হিমেলকে এনে দেবেন। এরপরই পরিবারের লোকজন তাঁকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাঁর দেহ তল্লাশি করে হিমেলের মোবাইল ফোনের সিমকার্ড, মানিব্যাগ উদ্ধার করা হয়। গত শুক্রবার এ ঘটনায় হিমেলের মা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সেকান্দর হোসেন গতকাল শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘মাহমুদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শনিবার সকালে নজরুলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দুজনকে নিয়ে অভিযান চালিয়ে বান্দরবান শহর থেকে সাত কিলোমিটার দূরে পাহাড়ের ভেতর থেকে হিমেলের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। তাকে তিন-চার দিন আগে খুন করা হয়েছে বলে আমাদের মনে হচ্ছে।’ডবলমুরিং জোনের সহকারী কমিশনার তানভীর আরাফাত বলেন, ‘লাশ উদ্ধার করে আনা হচ্ছে। প্রাথমিকভাবে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল তারা। ওই কারণে হত্যা করেছে বলে মনে হচ্ছে।’সুজন জানান, সুপর্ণা ও অপর্ণা নামে হিমেলের দুই বোন রয়েছেন। তাঁরা সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণীতে পড়ালেখা করছেন। হিমেল নিখোঁজ হওয়ার পর থেকেই পুরো পরিবার উদ্বেগের মধ্যে রয়েছে। লাশ উদ্ধারের খবর আসার পর স্বজনেরা কান্নায় ভেঙে পড়ছে বারবার।