জিপিএ-৫ পেল আরও ৫৩ শিক্ষার্থী
২০১১ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নে বরগুনার আমতলী উপজেলায় আরও ৫৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ নিয়ে উপজেলায় ১৫০ শিক্ষার্থী জিপিএ-৫ পেল।২০১১ সালের ২৭ ডিসেম্বর প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে আমতলী উপজেলায় মোট জিপিএ-৫-এর সংখ্যা ছিল ৯৭টি। বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে আমতলী উপজেলার ১০৫ জন শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করে। গত শুক্রবার পুনর্মূল্যায়নে তাদের মধ্যে ৫৩ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। সমাপনী পরীক্ষায় আমতলী উপজেলায় চার হাজার ৩৭৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আহম্মেদের বাবা ফরিদ উদ্দিন আহমেদ জানান, সমাপনী পরীক্ষায় তাঁর ছেলেকে বাংলায় ‘এ’ গ্রেড দেওয়া হয়। ওই ফলাফলের ওপর বিদ্যালয়ের শিক্ষক বা তাঁরা কোনোক্রমেই আস্থা আনতে পারছিলেন না। পরে পুনর্মূল্যায়নে তাকে জিপিএ-৫ দেওয়া হয়।