জিপিএ-৫ পেয়েও কাঁদছে হীরা-মুক্তা
এসএসসিতে জিপিএ-৫ পেয়েও কাঁদছে হীরা ও তার বোন মুক্তা। তাদের এ ফলে সবচেয়ে বেশি খুশি হতেন মা চাঁপা রানী ভৌমিক। কিন্তু গত ২৬ অক্টোবর বখাটে দেবাশীষ সাহা মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করেছিল তাদের মাকে। আজ ওদের সবচেয়ে বেশি মনে পড়ছে মাকে।শত বাধা সত্ত্বেও জিপিএ-৫ পেয়েছে যমজ দুই বোন মুক্তা বিশ্বাস ও হীরা বিশ্বাস। মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল উচ্চবিদ্যালয় থেকে এ বছর জিপিএ-৫ পেয়েছে ছয়জন। তাদের মধ্যে দুজন তারা দুই বোন।হীরা ও মুক্তা জানাল, তাদের ইচ্ছা ঢাকায় ভালো কোনো কলেজে পড়াশোনা করার। উচ্চমাধ্যমিকের পর তাদের ডাক্তারি পড়ার ইচ্ছা রয়েছে।বখাটে দেবাশীষ স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত হীরাকে। এ ঘটনার প্রতিবাদ জানান ফরিদপুর চিনিকলের টাইপিস্ট-কাম ক্লার্ক চাঁপা রানী। দুই মেয়ের ভবিষ্যৎ নিয়ে সব সময় ব্যস্ত থাকতেন তিনি। কিন্তু প্রতিবাদই কাল হলো তাঁর। চাঁপা রানীর মৃত্যুর পর শোকের সাগরে নিমজ্জিত হয় এই পরিবারটি। কিন্তু প্রতিবেশীসহ সমাজের সর্বস্তরের মানুষ তাদের পাশে দাঁড়ায়।হীরা জানায়, ‘আজ আমার আনন্দিত হওয়ার কথা। কিন্তু আমি ফল শুনে হাসতে পারিনি। ছুটে গেছি বাড়ির দক্ষিণ দিকে অবস্থিত নিমতলায়। যার ছায়ায় চিরনিদ্রায় শুয়ে আছেন মা। তিনিই আমার সব প্রেরণার উৎস। আজ মা নেই। আমি কীভাবে হাসব? কাকে দেখাব এ হাসি?’মুক্তা বলে, ‘আজ আমাদের দুই বোনের ফল দেখে যে মানুষটির সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা, সেই মানুষটিকে ঘাতকেরা হত্যা করেছে। শুধু এ ফল নয়, হত্যাকারীর ফাঁসি যেদিন হবে, সেদিনই আমি খুশি হব। সেদিনের অপেক্ষায় আছি।’হীরা ও মুক্তার বাবা স্বপন বিশ্বাস বলেন, মায়ের হত্যাকাণ্ডের পর সমাজের সর্বস্তরের মানুষের সাহায্য-সহযোগিতায় সামনে এগিয়ে গেছে ওরা।ফরিদপুর চিনিকল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম বলেন, হীরা ও মুক্তা যে প্রকৃত মেধাবী, পরীক্ষার ফলে তারা সে স্বাক্ষর রেখেছে। আমি তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।