জিপিএ-৫ পেয়েও ভালো মানের কলেজে ভর্তির নিশ্চয়তা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিকের ফলের আনন্দের রেশ কাটতে না-কাটতেই ভর্তির চিন্তা শুরু হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের। ভর্তিতে সার্বিকভাবে সমস্যা না হলেও ভালো কলেজের ওপর চাপ বেশি পড়বে আসনস্বল্পতায়। ফলে অনেকে জিপিএ-৫ পেয়েও ভালো মানের কলেজে ভর্তি হতে পারবে না।
এ রকম পরিস্থিতি নিয়েই নতুন নিয়মে ৬ জুন শুরু হচ্ছে একাদশ শ্রেণির ভর্তির আবেদন, চলবে ১৮ জুন পর্যন্ত। ফল প্রকাশ হবে ২৫ জুন। ভর্তি শেষে ক্লাস শুরু হবে ১ জুলাই। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তশিক্ষা বোর্ডগুলোর সিদ্ধান্ত অনুযায়ী একাদশ শ্রেণিতে শিক্ষার্থীরা কোন কলেজে ভর্তি হবে—তা নির্ধারণ করবে শিক্ষা বোর্ড। অনলাইনে শিক্ষার্থীর আবেদনের পছন্দক্রম থেকে তার এসএসসি ও সমমানের ভিত্তিতে একটি কলেজ নির্ধারণ করা হবে, যেখানে শিক্ষার্থীকে ভর্তি হতে হবে। তবে আগের মতো টেলিটকে খুদে বার্তা পাঠিয়েও আবেদনের সুযোগ রাখা হয়েছে।
বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য ও কলেজগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীতে ভালো মানের কলেজ আছে ২০টির মতো। এগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে প্রায় ১৬ হাজার। তবে এসব কলেজের বেশির ভাগের আবার স্কুল শাখাও রয়েছে। তাই বাইরের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ সীমিত।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ঢাকাসহ সারা দেশে সব মিলিয়ে মোটামুটি ভালো মানের কলেজ আছে প্রায় ১৬০টি। এতে সব মিলিয়ে ৬০ থেকে ৬৫ হাজারের মতো আসন আছে। অথচ এবার ১০ বোর্ডে শুধু জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১১ হাজার ৯০১ জন। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৩ হাজার ৬১৩ জন। উল্লেখ্য, মাদ্রাসার দাখিল ও কারিগরি বোর্ডের ভোকেশনাল পাস করা শিক্ষার্থীর বড় অংশ কলেজে ভর্তি হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও স্বীকার করেন যে কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করার মতো আসন ভালো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নেই। তবে পাস করা সব শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
নামকরা কিছু কলেজের আসনচিত্র: ঢাকা বোর্ডে সেরা হওয়া ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে আসন আছে ৬০০টি। কলেজের একজন শিক্ষক প্রথম আলোকে জানান, এখানে বেশির ভাগ আসনে ভর্তি হবে স্কুল শাখা থেকে পাস করা শিক্ষার্থীরা। ফলে এখানে বাইরে থেকে ভর্তির সুযোগ সীমিত।
এবার ঢাকা শিক্ষা বোর্ডে দ্বিতীয় হওয়া রাজউক উত্তরা মডেল কলেজে আসন আছে ১ হাজার ৩৬৫টি। এই কলেজের স্কুল শাখা থেকে এসএসসিতে পাস করেছে ৫৪৪ জন, যাদের প্রায় সবাই নিজ কলেজেই ভর্তি হবে বলে কলেজ কর্তৃপক্ষের ধারণা। ফলে বাকি আসনের ওপর চাপ পড়বে।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম প্রথম আলোকে বলেন, তাদের কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে প্রায় ১ হাজার ২০০। এর মধ্যে প্রায় সাড়ে ৫০০ অভ্যন্তরীণ শিক্ষার্থী ভর্তি হবে। এখানে কলেজ শাখায় শুধু মেয়েরাই পড়তে পারে। অধ্যক্ষ জানান, জায়গার অভাবে ছেলেদের জন্য উচ্চমাধ্যমিক শ্রেণি চালু করা যাচ্ছে না।
ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক প্রথম আলোকে জানান, তাঁদের প্রতিষ্ঠানে মোট আসন প্রায় ১ হাজার ৬০০। এর সিংহভাগেই স্কুল শাখা থেকে শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে ভর্তি হবে। তবে এবার মানবিক ও বাণিজ্য শাখায় কিছু আসন বাড়ানো হবে।
ঢাকা কলেজে এবার মোট আসন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫০টি। এর মধ্যে এবার প্রথমবারের মতো বিজ্ঞানে ইংরেজি ভার্সনে ১০০ এবং কমার্সে ৫০টি আসন চালুর সিদ্ধান্ত হয়েছে।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে প্রায় ৯০০। একজন শিক্ষক জানান, এর মধ্যে প্রায় ৫০০ শিক্ষার্থীই তাদের স্কুল শাখা থেকে ভর্তি হবে। একই চিত্র হলিক্রস কলেজের। এই কলেজে আসন আছে প্রায় ১ হাজার ২০০।
নটর ডেম কলেজে আসন তুলনামূলক বেশি; প্রায় আড়াই হাজার। স্কুল শাখা না থাকায় এখানে সব শিক্ষার্থী-ই ভর্তি হয় বাইরে থেকে। তবে এই কলেজে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বাইরে গিয়ে গত দুই বছর ধরে আদালতের আদেশে ভর্তি পরীক্ষা হয়। ফলে এখানে আসন বেশি থাকলেও ভর্তির সুযোগ পেতে শিক্ষার্থীদের বেশ কাঠখড় পোড়াতে হবে।
খিলগাঁওয়ের ন্যাশনাল আইডিয়াল কলেজে আসন আছে ১ হাজার ৫৪টি, মোহাম্মদপুরের প্রিপারেটরি কলেজ ৫১০, সরকারি বিজ্ঞান কলেজ ১ হাজার ২০০ এবং মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজে আসন আছে প্রায় ৫০০টি। এ ছাড়া ঢাকা কমার্স কলেজ, সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজসহ ঢাকায় আরও কয়েকটি ভালো মানের কলেজ আছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও ভালো কলেজে আসন কম থাকার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি বলেন, ‘সারা দেশের কলেজে পর্যাপ্ত আসন রয়েছে। পাস করা সব শিক্ষার্থী-ই কলেজে ভর্তি হতে পারবে। বরং প্রায় এক লাখ আসন খালি থাকছে।’