সিলেট শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার গতবারের তুলনায় কমেছে। তবে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা অনেক বেড়েছে এবং প্রতিবছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে।এবারের পাসের হার ৭৫ দশমিক ৬৮ শতাংশ। গতবার ছিল ৭৬ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮৮৭ জন শিক্ষার্থী। গতবার পেয়েছিলেন ৫৯৭ জন। ২০০৯ সালে পেয়েছিলেন ৪৩৯ জন, ২০০৮ সালে পেয়েছিলেন ৪২৫ এবং তার আগের বছর পেয়েছিলেন ৩১৪ জন।পাসের হার কমে জিপিএ-৫ বেড়ে যাওয়ার এই তারতম্য সিলেট শিক্ষা বোর্ডে এবারই প্রথম। পরীক্ষার্থী বেশি হওয়ায় এবং শিক্ষার গুণগত মান বাড়ায় এমনটি হয়েছে বলে মনে করছে বোর্ড কর্তৃপক্ষ।এবারের এইচএসসি পরীক্ষায় ৩০ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ২৩ হাজার ৩৮১ জন। গতবার ১৯ হাজার ৮২০ জন পরীক্ষা দিয়ে পাস করেছিলেন ১৫ হাজার ৮৭ জন। পাসের হার ও জিপিএ-৫ পাওয়ায় ছেলেরা এগিয়ে: এবার ১৪ হাজার ৩৭৮ জন ছাত্র ও ১৬ হাজার ৫১৬ জন ছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে থাকলেও পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েরা পিছিয়ে রয়েছেন। ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ৭০ শতাংশ। মেয়েদের ৭৩ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ৪৯২ জন ছাত্র ও ৩৯৫ জন ছাত্রী। এ ব্যাপারে সিলেট মইনুদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন বলেন, ‘সাধারণত দেখা যায়, ছেলেদের তুলনায় মেয়েরা পড়াশোনায় বেশি মনোযোগী। কিন্তু ফলাফলে তাদের এই পিছিয়ে পড়াটা নির্দিষ্ট একটি কারণে হয়নি। এর অনেকগুলো সামাজিক কারণ থাকতে পারে। যেমন: ছেলেরা মেয়েদের তুলনায় বইপত্র ও নোট সংগ্রহের ব্যাপারে বেশি যোগাযোগ রাখে।’ বিজ্ঞানে জিপিএ-৫ বেশি, ব্যবসায় শিক্ষায় পাসের হার: জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ৬২০ জনই বিজ্ঞান বিভাগের। ব্যবসায় শিক্ষা বিভাগের ১৪৪ জন ও মানবিক বিভাগের ১২৩ জন জিপিএ-৫ পেয়েছেন। তবে পাসের হারে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে। পাসের হার ৮৫ দশমিক ৬২ শতাংশ। বিজ্ঞান ও মানবিক বিভাগের পাসের হার যথাক্রমে ৮০ দশমিক ১৬ ও ৭১ দশমিক ৬৪ শতাংশ। পাসের হার শূন্য নেই: এবারের ঘোষিত ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে ‘পাসের হার শূন্য’ এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। গত বছর বোর্ডের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছিলেন। এবার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এ রকম ফলাফল বিপর্যয় না হওয়ার বিষয়টি ‘ইতিবাচক’ বলে মন্তব্য করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। চারটি কলেজের সবাই পাস: সিলেট শিক্ষা বোর্ডের ১৩০টি কলেজের মধ্যে চারটি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছেন। এগুলো হলো সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, সিলেট কমার্স কলেজ ও রেসিডেন্সিয়াল কলেজ।সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনিরউদ্দিন গতকাল ফলাফল ঘোষণার পর প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘গতবারের তুলনায় প্রায় ১০ হাজার শিক্ষার্থী বেশি অংশ নেওয়া পাসের হারে সামান্য প্রভাব পড়েছে। এটি উদ্বেগজনক বিষয় নয়। ভবিষ্যতে আরও ভালো ফল করতে বোর্ডের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।’পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, আগামী বছর সৃজনশীল পদ্ধতিতে এইচএসসি পরীক্ষা হবে। ফলে শিক্ষার্থীরা মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকে আরও ভালো ফল করতে পারবেন।পাসের হার কমে যাওয়ার বিষয়টি স্বাভাবিক বলে মন্তব্য করেছেন সিলেটের প্রবীণ শিক্ষাবিদ মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ। প্রথম আলোকে তিনি বলেন, ‘ফলাফলে গড় পাসের হার অনেক কম বা বেশি হলে এটি চিন্তা ও উদ্বেগের বিষয় হতো। এবার পাসের হার গতবারের চেয়ে সামান্য কম। এ ক্ষেত্রে শিক্ষার মান পিছিয়ে পড়ছে—সেটা ভাবা যাবে না। তা ছাড়া জিপিএ-৫ অন্য যেকোনো বছরের তুলনায় এবার অনেক বেশি সেটা তো অনেকটা ইতিবাচক দিক।’উপাচার্য আবদুল আজিজ শুধু পাসের হার বা জিপিএ-৫ নয়, শিক্ষার গুণগত মান বাড়ানোর পক্ষে মতামত দেন।