জিপিএ-৫ বেড়েছে তিন গুণের বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষা বোর্ডে ২০১৩ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা কমলেও পাসের হার বেড়েছে। সেই সঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে তিন গুণের বেশি। এই ফলাফল বোর্ডের অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এই বোর্ডে এবার পাসের হার ৯৩ দশমিক ৮৮ শতাংশ। গতবার ছিল ৮৫ দশমিক ০৯ শতাংশ। গতবার জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ছিল ছয় হাজার ২২১ জন। এবার তা বেড়ে ২০ হাজার ৫২৩ জনে দাঁড়িয়েছে। রাজশাহীতে এবার গতবারের তুলনায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা বাড়লেও শিক্ষার্থীর সংখ্যা কমেছে। গতবারের চেয়ে এবার বিদ্যালয় বেড়েছে ১৯টি। তবে পরীক্ষায় উপস্থিত শিক্ষার্থী কমেছে এক হাজার ৭৪ জন। এবার দুই হাজার ৯০৭টি বিদ্যালয়ের এক লাখ ৮৪ হাজার ৪৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে এক লাখ ৭৩ হাজার ১৬৬ জন। শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যাও দ্বিগুণের বেশি বেড়েছে। এবার শতভাগ পাস করেছে ৭৪৯টি বিদ্যালয় থেকে। গতবার এই সংখ্যা ছিল মাত্র ৩৩৫টি। কেউ পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। গতবার এ রকম ১৩টি বিদ্যালয় থাকলেও এবার সেই সংখ্যা পাঁচটি।
রাজশাহী বোর্ডের পাসের হারে ছেলেরা একটু এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি। ছেলেদের পাসের হার ৯৪ দশমিক ০৫ ভাগ। মেয়েদের ৯৩ দশমিক ৭২ ভাগ। ছেলেদের চেয়ে ৩৪৯ জন মেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তানবিরুল আলম বলেন, শিক্ষার্থীরা আগের চেয়ে বেশি সতর্ক হয়েছে। পাশাপাশি অভিভাবকেরাও বেশি যত্ন নিচ্ছেন।