
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এবার রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫–এ শীর্ষে রয়েছে বগুড়া জেলা। তবে পাসের হারে এগিয়ে রয়েছে পাবনা জেলা।
গতকাল রোববার প্রকাশিত ফল অনুযায়ী, এই বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২১ হাজার ৮২৬। এর মধ্যে পাস করেছেন ৮৬ হাজার ৮৭২ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ২৯৪ জন। পাসের হার ৭১ দশমিক ৩০ শতাংশ।
বগুড়া জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ২১ হাজার ৮৬৩ জন। পাস করেছেন ১৬ হাজার ৮০২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮৬৫ জন। পাসের হার ৭৫ দশমিক ৪৭ শতাংশ। পাবনা জেলা থেকে ১৫ হাজার ৭৮১ জন পরীক্ষা দিয়ে ১১ হাজার ৯১৭ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৬৪৫ জন। পাসের হার ৭৫ দশমিক ৫১।
জিপিএ-৫ অর্জনের দিক থেকে টানা তিন বছর বোর্ডে শীর্ষে রয়েছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ। এবার এই কলেজ থেকে ১ হাজার ৫২৮ জন এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করেছেন ১ হাজার ৫০৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ৬৮৬ জন। পাসের হার ৯৮ দশমিক ৬৩ শতাংশ। গতবার এই কলেজ থেকে ১ হাজার ৬৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৬৩০ জন পাস করেছিলেন। তাঁদের ৮৫৫ জন জিপিএ-৫ পেয়েছিলেন। পাসের হার ছিল ৯৮ দশমিক ৪৩ শতাংশ। সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস-উল আলম প্রথম আলোকে বলেন, দুই কারণে পাসের হার শতভাগে উন্নীত করা যাচ্ছে না। এখানে ভর্তির যোগ্যতা ন্যূনতম জিপিএ-৫ হলেও বদলির কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের ভর্তি করাতে হচ্ছে। অন্য কলেজ থেকে আসা এসব শিক্ষার্থীর বেশিরভাগই দুর্বল। আইনের বাধ্যবাধকতার কারণে ভর্তি করানো হলেও তারা ভালো করতে পারছে না। আবার কিছু শিক্ষার্থী অসুস্থতার কারণেও পরীক্ষায় অনুপস্থিত থাকছে।
শতভাগ পাসের তালিকায় এবারও নেই বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। এবার এই প্রতিষ্ঠান থেকে ৮৪২ জন পরীক্ষায় অংশ নিয়ে ৮৪০ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৩৬৫ জন। পাসের হার ৯৯ দশমিক ৭৬। গতবার পাসের হার ছিল ৯৮ দশমিক ৬৫। আর জিপিএ-৫ পেয়েছিলেন ৩০৮ জন শিক্ষার্থী।
শতভাগ পাসের তালিকা থেকে ছিটকে পড়লেও এক বছরেই হারানো গৌরব পুনরুদ্ধার করেছে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ। এবার ২৭৮ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১৪১ জন। গতবার পাসের হার ছিল ৯৯ দশমিক ৬৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ১২৯ জন। এই কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, সার্বিক ফলাফল গতবারের চেয়ে অনেক ভালো। টানা তিন বছর ধরে শতভাগ পাসের সাফল্যের ধারা অক্ষুণ্ন রেখেছে বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ। এবার এই প্রতিষ্ঠান থেকে ৩২৩ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাইপাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১৪৫ জন। গতবারও ৩৩৫ জনের সবাই পাস করেছিলেন। জিপিএ-৫ পেয়েছিলেন ১৪৬ জন।
বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ২১৯ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন। গতবার ৩১৩ জনের মধ্যে ৩১২ জন পাস করেছিলেন। জিপিএ-৫ পেয়েছিলেন ৮২ জন।
এবারও ফল খারাপ করেছে বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে। এবার এই কলেজ থেকে ১ হাজার ১৫৩ জনের মধ্যে ১ হাজার ৬০ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন। পাসের হার ৯১ দশমিক ৯৩ শতাংশ। গতবার ১ হাজার ৭৪ শিক্ষার্থীর মধ্যে ৯১৩ জন পাস করেছিলেন। জিপিএ-৫ পেয়েছিলেন ২১ জন।
বগুড়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ২৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৬ জন পাস করেছেন। পাসের হার ৯৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২৩ জন। গতবার ২৭১ জনের মধ্যে ২৭০ জন পাস করেছিলেন। জিপিএ-৫ পেয়েছিলেন ১২০ জন।
বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজ থেকে এবার ১ হাজার ৩৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩১৯ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১২৫ জন। গতবার ১ হাজার ৭০০ জনের মধ্যে পাস করেছিলেন ১ হাজার ৫৫২ জন। জিপিএ-৫ পেয়েছিলেন ৯৫ জন।
এসওএস হারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪ জন। গতবার ২৮ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ জন পাস করেছিলেন। জিপিএ-৫ পেয়েছিলেন ৪ জন।