জিপিএসএ পুরস্কার পেলেন টিআইবির ইফতেখারুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইফতেখারুজ্জামান
ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিশ্বব্যাংকের গ্লোবাল পার্টনারশিপ ফর সোশ্যাল অ্যাকাউন্টিবিলিটি (জিপিএসএ) পুরস্কার পেয়েছেন। বাংলাদেশে স্বচ্ছতা ও সুশাসনে জনমত তৈরিতে অনন্য অবদানের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।
আজ বুধবার টিআইবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে ইফতেখারুজ্জামান ছাড়াও আফ্রিকা, পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ইউরোপ ও মধ্য এশিয়া, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চল থেকে সরকার ও সুশীল সমাজের আরও পাঁচজন ব্যক্তিত্ব প্রথমবারের মতো চালু হওয়া এই পুরস্কার পেয়েছেন। এ ছাড়া একজনকে বিশেষ আজীবন সম্মাননাও দেওয়া হয়েছে।
পুরস্কারের জন্য আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়েছে, বাংলাদেশে প্রতিবাদের পরিসর সংকুচিত হওয়া সত্ত্বেও ইফতেখারুজ্জামান স্বচ্ছতা ও সুশাসনের জন্য জনমত গঠনে কান্ডারির ভূমিকা পালন করেছেন। তাঁর দক্ষ নেতৃত্বের ফলে টিআইবি দেশে দুর্নীতিবিরোধী প্রাতিষ্ঠানিক, আইনি এবং নীতি কাঠামোতে অনেকগুলো সফল উদ্যোগ বাস্তবায়ন করেছে। বিশেষত দুর্নীতিবিরোধী আন্দোলনে সারা দেশে ছয় হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীর দুটি বড় প্ল্যাটফর্ম, সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ গঠন ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।