জিপিএ-৫ পেয়েও বৃত্তিবঞ্চিত তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের পর ঝিনাইদহের ১৫১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংশোধিত ফল না ওঠায় বৃত্তি তালিকায় ওই শিক্ষার্থীর নাম আসেনি। এতে বৃত্তি থেকে বঞ্চিত হলো ওই শিক্ষার্থীরা।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের একটি সূত্র জানায়, ৩০ ডিসেম্বর প্রকাশিত প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য ঝিনাইদহে ৬৫৭ জন শিক্ষার্থী আবেদন করে, যারা জিপিএ-৫ পায়নি। পরে ফল পুনর্মূল্যায়নের পর ১৫১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়।
কয়েকজন অভিভাবক বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে নির্ধারিত সময়ে তাঁরা পুনর্মূল্যায়িত ফল পেয়েছেন। কিন্তু মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আগের ফলাফলই রয়ে গেছে। জেলার কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শিবুপদ বিশ্বাস জানান, তাঁর ছেলে অথই বিশ্বাস প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৪.৬৬ পেয়েছিল। কিন্তু ছেলের মনোবল ছিল সে জিপিএ-৫ পাবে। এরপর তিনি খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেন। পরে তাঁর ছেলে জিপিএ-৫ পেয়েছে। একইভাবে রাসেল আহম্মদ নামের আরেক শিশু জিপিএ-৫ পেয়েছে।
শিবুপদ বিশ্বাস বলেন, সর্বশেষ মূল্যায়িত ফলাফল মন্ত্রণালয় থেকে ওয়েবসাইটে না উঠলে তাঁর ছেলে বৃত্তি পাওয়া থেকে বঞ্চিত হবে—এ কথা শোনার পরই তিনি ওয়েবসাইট সংশোধনের জন্য অনেক চেষ্টা করেছেন। উপজেলা ও জেলা শিক্ষা কার্যালয়ে অনেকবার গেছেন। জেলা কর্মকর্তারা জানিয়েছেন, এটা মন্ত্রণালয় করবে। তাঁরা মন্ত্রণালয়ে যোগাযোগ করে যাচ্ছেন, বৃত্তির তালিকা প্রকাশের আগেই সংশোধন হয়ে যাবে। শিবুপদ বিশ্বাস আরও বলেন, ১৫ মার্চ বৃত্তির তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় তাঁর ছেলেসহ অন্যদের নাম নেই। ওই তারিখ পর্যন্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটের ফল সংশোধন না করায় এ অবস্থা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, বিষয়টি সংশোধন করবে মন্ত্রণালয়। নির্ধারিত সময়ে তারা সংশোধনের তালিকা পাঠিয়ে দিয়েছেন। মন্ত্রণালয় থেকে এখনো কেন সংশোধন করা হয়নি, তা তাঁর জানা নেই।
মন্ত্রণালয়ের কম্পিউটার সেকশনের প্রধান অঞ্জন কুমারের মুঠোফোনে কল দিলে তিনি কথা বলতে রাজি হননি।