রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ অর্জনের দিক দিয়ে এবারও এগিয়ে আছে বগুড়া। এ বছর এই জেলায় ৪ হাজার ৫০২ জন জিপিএ-৫ পেয়েছে। আর বরাবরের মতো এবারও ভালো ফল করেছে বগুড়া শহরের নামকরা প্রতিষ্ঠানগুলো।
বোর্ডে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী। এই জেলায় এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১০০ জন এবং তৃতীয় স্থানে থাকা পাবনা জেলায় জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৩৩ জন।
টানা দুই বছর রাজশাহী বোর্ডে শীর্ষ স্থানে থাকা বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ২৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২৫৭ জন। অর্থাৎ ৯৪ দশমিক ৪৮ ভাগ সর্বোচ্চ ফল করেছে। গত বছর এই প্রতিষ্ঠান থেকে ৩৪২ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৩২০ জন (৯৩ দশমিক ৫৬ শতাংশ)।
২০১৩ সালে রাজশাহী বোর্ডে প্রথম স্থান অর্জনকারী বগুড়া জিলা স্কুল থেকে এবার ২৫২ জনের মধ্যে ২৩৫ জন জিপিএ-৫ পেয়েছে, যা গত বছরের তুলনায় কিছুটা খারাপ। ২০১৫ সালে ২৪২ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ২২৯ জন।
এ বিষয়ে বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. রমজান আলী বলেন, শিক্ষকদের আন্তরিকতা সত্ত্বেও অভিভাবকদের অসচেতনতার কারণে শ্রেণিকক্ষে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না। আবার শিক্ষার্থীরাও উদাসীন। এতে তুলনামূলক ফল খারাপ হয়েছে।
২০১২ সালে রাজশাহী বোর্ডে প্রথম হয়েছিল বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। গত বছর হয়েছিল পঞ্চম। তবে এবার অনেকটা ভালো করেছে। ২৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৪ জন জিপিএ-৫ পেয়েছে।
এবারও চমক দেখিয়েছে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ। জিপিএ-৫ পাওয়ার দিক থেকে প্রতিষ্ঠানটি জেলার শীর্ষে রয়েছে। ৩৭৭ জনের মধ্যে ৩২৪ জন জিপিএ-৫ পেয়েছে। গত বছর ২৭৭ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ২২৮ জন।
২০১৫ সালে বোর্ডে দশম স্থানে থাকা বগুড়া এসওএস হারম্যান মেইনর কলেজ এবারও ভালো করেছে। ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জনই জিপিএ-৫ পেয়েছে। গত বছর ৪৭ জনের মধ্যে পেয়েছিল ৪৬ জন।
বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ১৬৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৪২ জন জিপিএ-৫ পেয়েছে। বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (এপিবিএন) থেকে জিপিএ-৫ পেয়েছে ২০৩ জন। পরীক্ষায় অংশ নিয়েছিল ২৩৪ জন। অবশ্য প্রতিষ্ঠানটির ব্যবসায় শিক্ষা শাখার ২৭ পরীক্ষার্থীর সবাইকে ফেল দেখানো হয়েছে। এ বিষয়ে অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন, কেন্দ্র থেকে শারীরিক শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর বোর্ডে না পাঠানোয় ২৭ পরীক্ষার্থীর ফল আসেনি। তবে এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ২৭ জনের ফল পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদ।
বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ১৬২ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৩২ জন জিপিএ-৫ পেয়েছে। আর ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান মিলেনিয়াম স্কলাস্টিকা স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৭ জন জিপিএ-৫ পেয়েছে ২৮ জনের মধ্যে।