জিপিওর সামনে ফুটপাত বলে কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিপিওর সামনে শত শত বাঁশের কাঠামো দিয়ে রাস্তা আটকে বানানো হয়েছে অস্থায়ী দোকান l ছবি: প্রথম আলো
জিপিওর সামনে শত শত বাঁশের কাঠামো দিয়ে রাস্তা আটকে বানানো হয়েছে অস্থায়ী দোকান l ছবি: প্রথম আলো

রাজধানীর প্রধান ডাকঘরের (জিপিও) সামনে এবং আশপাশের সড়কে এখন ফুটপাত বলে কোনো খালি জায়গা নেই। চারদিকে এবং ওপরে বাঁশের কাঠামোয় রংচটা পলিথিন বসিয়ে রীতিমতো দোকান সাজানো হয়েছে। বিক্রি হচ্ছে শীতের জামাকাপড় থেকে শুরু করে কম্বল পর্যন্ত। শুধু জিপিওর সামনেই এ ধরনের ৩০টির মতো দোকান।
প্রকাশ্যে দোকান সাজানো হলেও এর বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বিকার। গতকাল বেলা একটা থেকে প্রায় তিনটা পর্যন্ত ঘটনাস্থলে ডিএসসিসির কোনো পরিদর্শক বা প্রতিনিধিকে দেখা যায়নি। হকাররাও স্বীকার করেন যে গতকালই শুধু নয়, গত দুই মাস এলাকায় কোনো অভিযান হয়নি। এমনকি কোনো পুলিশি তৎপরতাও নেই। অথচ বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান ও আশপাশের এলাকায় হকার বসা নিষিদ্ধ করা হয়েছিল অক্টোবরে। ২৭ অক্টোবর ডিএসসিসি হকার ফুটপাত উদ্ধার অভিযান চালালে হকারদের সঙ্গে সিটি করপোরেশনের লোক ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ হয়। তারপরও ফুটপাতে হকারদের বসা নিষিদ্ধ করা হয়। অবশ্য ওই সময়েও হকাররা ফুটপাতের দখল ছাড়েননি, তবে বেচাকেনা চলত ভাসমান অবস্থায়।
ফুটপাতে চলতে গিয়ে সমস্যায় পড়ছিলেন পথচারীরা। নাজিমউদ্দিন রোডের বাসিন্দা আবদুর রব বিশেষ কাজে জিপিওতে যাওয়ার জন্য ফুটপাত ধরে হাঁটার চেষ্টা করেও পারছিলেন না। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ফুটপাতের মালিক হকাররাই। ফুটপাতে উঠতেই দুই হকার জানতে চাইছিলেন কী লাগবে? কিছু লাগবে না বলার পর তাঁরা বিরক্ত হয়ে বলেছেন, তাহলে তিনি এই পথে কেন ঢুকলেন? আবদুর রব বলেন, হকাররা তাঁকে নিচের সড়ক ধরে যাওয়ার উপদেশ দেন। অথচ সড়কে সারাক্ষণ যানবাহন চলছে।
ওয়ারীর বাসিন্দা আহসান উল্লাহ সেগুনবাগিচা যাবেন। যানজটের কারণে হেঁটেই এসেছেন। এখানে এসে ফুটপাত ধরে যাওয়ার চেষ্টা করেও যেতে পারেননি। তিনি বলেন, জিপিওর সামনের জিরো পয়েন্টের সৌন্দর্যবর্ধনের জন্য কয়েক বছর আগে সিটি করপোরেশন অনেক টাকা খরচ করেছিল। পত্রপত্রিকায় এ বিষয়ে খবরও প্রকাশিত হয়েছিল। অথচ সেই এলাকাতেই বাঁশ আর ছেঁড়া পলিথিনের বানানো এই দোকানপাট পুরো এলাকার সৌন্দর্যহানি করছে।
জিপিওর কর্মীরাও বিরক্ত প্রবেশপথে এবং আশপাশে চলাচল বন্ধ বলে। কিন্তু তাঁদের সাহস নেই এঁদের বিরুদ্ধে কিছু বলার। তিনজন কর্মী তা স্বীকারও করেন।
কম্বল বিক্রি করতে চিৎকার করে ক্রেতা ডাকছিলেন এক হকার। নিষেধাজ্ঞা থাকার পরও ফুটপাতে কেন দোকান করা হয়েছে জানতে চাইলে একযোগে চারজন হকার প্রতিবাদ জানান। তাঁদের কথা হচ্ছে, রীতিমতো সেলামি দিয়ে তাঁরা এখানে বসেছেন। সেলামির বাইরে প্রতিদিন একাধিক পক্ষকে টাকা দিতে হচ্ছে। একাধিক পক্ষে কারা আছেন—প্রশ্ন করলে তাঁরা প্রথমে নীরব থাকেন। পরে একজন বলেন, একজন জনপ্রতিনিধি আর পুলিশ রয়েছেন। তবে জনপ্রতিনিধি নিজে আসেন না, তাঁর ‘লাইনম্যান’রা টাকা ওঠান। এ ছাড়া অস্থায়ী হলেও দোকানঘর তৈরি করতে যে খরচ হয়েছে, তা তাঁদের পকেট থেকেই গেছে বলে জানান ওই হকাররা।
জিপিও থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পর্যন্ত যাওয়ার পথে অন্তত ৫০টি দোকান। তবে সেগুলোয় স্থাপনার পরিবর্তে ফুটপাতজুড়ে বড় বড় ট্রাঙ্ক, বাক্স সাজানো। সড়কের ওপর ভ্যানে সাজানো দোকান। জিপিওর বিপরীত দিকে খদ্দর মার্কেটের সামনে ফুটপাতজুড়ে মশারি, বিছানার চাদর আর রাবার ক্লথের সারি সারি দোকান। সেখানেও হাঁটার কোনো উপায় নেই। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অগ্রণী ব্যাংক রমনা করপোরেট শাখার সামনেও বাঁশ খাটিয়ে সাজানো হয়েছে দোকান। সেখানে, সিঙ্গার ও ভাম অ্যান্ড কোম্পানির সামনে হকাররা এমনভাবে বসেছেন যে ভেতরে যেতে হলে তাঁদের অনুরোধ করে সরাতে হবে। কথা বলে বোঝা গেল, এখানকার স্থায়ী দোকানিরা ফুটপাতের হকারদের সমীহ করে চলেন। ভাম অ্যান্ড কোম্পানির একজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে যা বললেন, তার মর্মার্থ হচ্ছে হকাররাই এখন বড় মাস্তান। তাঁদের না মানলে এলাকায় থাকাই যাবে না।
ডিএসসিসির সদ্যবিদায়ী প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ কয়েক দিন আগে প্রথম আলোকে বলেন, ফুটপাত হকারমুক্ত করার অনেক চেষ্টা করেছেন। কিন্তু সকালে ওঠালে বিকেলে বসে যায়। পুলিশসহ সব সরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ ছাড়া এটা সম্ভব নয়।