জিপের সঙ্গে সংঘর্ষ, অটোরিকশার চারজন নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজন মারা গেছেন। আহত হয়েছেন নয়জন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে বারপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দাউদকান্দি সড়ক পুলিশ সূত্র জানিয়েছে, বারপাড়া নামক স্থানে ঢাকাগামী একটি পাজেরো জিপের সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী স্থানীয় বারপাড়া গ্রামের ইয়াসমিন আক্তার (৩০), তাঁর মেয়ে জান্নাত আক্তার (৫) ও অটোরিকশার চালক উপজেলার তুজারভাঙ্গা গ্রামের আবদুল মতিন (৩২) ঘটনাস্থলেই মারা যান। অটোরিকশার অপর যাত্রী দাউদকান্দি সদরের রেনু মিয়া (৪০) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
দুর্ঘটনায় পাজেরো জিপের চারজন আরোহী এবং অটোরিকশার শিশুসহ পাঁচজন যাত্রী আহত হয়।
আহতদের মধ্যে উপজেলার পেন্নাইয়ের মনু মিয়া, দৈতারকান্দি গ্রামের হেনা আক্তার ও একটি শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দৈতারকান্দি গ্রামের খাদিজা আক্তার, তাঁর ১০ বছরের মেয়ে রুবাইয়া আক্তার, পাজেরো জিপের যাত্রী শহীদুল ইসলাম, মন্টু মিয়া, সুফিয়া রহমান, আবদুস সাত্তার ও নিহত ইয়াসমিনের দুই বছরের মেয়েকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সার পর পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক (আরএমও) সরফরাজ হোসেন বলেন, আহত লোকজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। লাশগুলো দাউদকান্দি সড়ক থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।