জিপ-ট্রেন সংঘর্ষে আহত ৪
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালিগাঁও চৌধুরীপাড়া রেলক্রসিং এলাকায় ট্রেনের সঙ্গে পাজেরো জিপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন: জিপে থাকা কালীগঞ্জ উপজেলার বালিগাঁও এলাকার আলাউদ্দিন (৬০), ভোলার সালাউদ্দিন (৩৫) ও হবিগঞ্জের কবির হোসেন (৩২) এবং ট্রেন থেকে নিচে পড়ে যাওয়া যাত্রী নরসিংদীর শাহজাহান মিয়া (২৯)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে একটি যাত্রীবাহী পাজেরো জিপ বালিগাঁও রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির মহানগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে জিপটির ধাক্কা খেলে জিপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে জিপে থাকা তিনজন যাত্রী এবং ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা এক যাত্রী পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে রেলওয়ে পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় তাঁদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাসান মেহবুব বলেন, আহত ব্যক্তিদের মধ্যে ট্রেনযাত্রী শাহজাহান মিয়ার ডান পা ভেঙে গেছে। তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।