জিম্মি করে অর্থ আদায়ের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনা ভিডিওতে ধারণের মাধ্যমে পরিবারকে জিম্মি করে মোটা অঙ্কের অর্থ আদায় করতে চেয়েছিলেন ধর্ষক ও তাঁর সহযোগীরা। পুলিশি রিমান্ডে থাকা আসামিরা জিজ্ঞাসাবাদে এমন তথ্যই দিয়েছেন।এ ঘটনায় শুক্রবার রাতে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে ওয়াসীম (২২) নামের আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে পুলিশ তিন দিনে পাঁচজনকে গ্রেপ্তার করল।বেড়ানোর কথা বলে এক বান্ধবী ২৫ নভেম্বর ওই কলেজছাত্রীকে সাভারে নিয়ে আসেন। এরপর অসুস্থ ফুপুকে দেখার কথা বলে ওই বান্ধবী মেয়েটিকে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকার ছাপরা মসজিদের পাশে এম এ মান্নান ভিলার পাঁচতলার একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে আগে থেকেই কয়েকজন তরুণ অবস্থান করছিলেন। জাহেদ নামের তাঁদের একজন মেয়েটিকে ধর্ষণ করেন। এ সময় অন্যরা তাঁকে সহায়তা করেন এবং ধর্ষণের ভিডিও ধারণ করেন। এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে বৃহস্পতিবার সাভার থানায় মামলা করেন। মামলা দায়েরের পর বৃহস্পতিবার রাতেই পুলিশ দানেশ, রায়হান, মহিউদ্দিন ও মেয়েটির বান্ধবীকে গ্রেপ্তার করে। শুক্রবার তাঁদের চার দিনের পুলিশি রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার গ্রেপ্তার করা হয় ওয়াসীমকে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ থেকে গত বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। তাঁকে সাত দিনের পুলিশি রিমান্ড চেয়ে গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে।তবে ঘটনার মূল হোতা সাভার বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র জাহেদকে গতকাল পর্যন্তও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। মামলার অপর আসামি শাহীন (২৩), শামিম (২৫), লুৎফর (২২), আলীমসহ (২৪) অন্যরাও পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, ধর্ষণের ভিডিও ইন্টারনেটে প্রচারের হুমকি দিয়ে অন্য আসামিরা মেয়েটির পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের চেষ্টা করেছিলেন। ধর্ষণে সহায়তা করলেও টাকা দাবির সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে জানান। তাঁরা টাকা দাবির সঙ্গে জড়িতদের কাছ থেকে এসব শুনেছেন। তাঁরা আরও জানান, ধর্ষণের ঘটনা ফাঁস হওয়ার পর এলাকায় এ নিয়ে সালিস বসে। ওই সালিসে সিঙ্গাইরের একজন প্রভাবশালী জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতা উপস্থিত থেকে তাঁদের ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে বিষয়টি মীমাংসা করে দেন। তবে কে সেই জনপ্রতিনিধি, তা তাঁরা বলতে রাজি হননি। গতকাল যোগাযোগ করা হলে মেয়েটির বাবা বলেন, চাপের মুখে মীমাংসায় বাধ্য করার পর আসামিরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। তাঁরা ইন্টারনেটে ভিডিওচিত্র প্রচারের হুমকি দিয়ে তাঁদের কাছে টাকা দাবি করেন। তিনি বলেন, মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে নানাভাবে চাপ দেওয়া হচ্ছে।তদন্ত কর্মকর্তা এসআই মুহাম্মদ আশরাফুল আলম বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা অন্য আসামিদের বিরুদ্ধে ইন্টারনেটে ভিডিওচিত্র প্রচারের হুমকি দিয়ে টাকা দাবি করার কথা জানিয়েছেন। তাঁরা এক প্রভাবশালী জনপ্রতিনিধির হস্তক্ষেপে বিষয়টি ধামাচাপা দেওয়ার কথাও জানান।