জিম্মিদশা থেকে মুক্ত, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় প্রায় ১২ ঘণ্টা জিম্মি ছিলেন প্রকৌশলী হাসনাত করিম, তাঁর স্ত্রী ও দুই ছেলে-মেয়ে। বিভীষিকাময় বন্দিদশা থেকে পরদিন সকালে মুক্ত হন তিনি। জিম্মি অবস্থায় তাঁদের যেমন ভয়াবহ সময় পার করতে হয়েছে, তেমনি হাসনাত করিমের মা-বাবা ও স্বজনদের একরাশ দুশ্চিন্তা নিয়ে কেটেছে নির্ঘুম রাত। সকালে জিম্মিদশা থেকে মুক্ত হয়ে রেস্তোরাঁ থেকে গুলশানের বাসায় ফেরেন শুধু হাসনাত করিম। অন্যরা ফেরেননি। বাসা থেকে ল্যাপটপ নিয়ে আবার পুলিশের সঙ্গে বেরিয়ে যান তিনি।
খুব অল্প সময় ছেলেকে কাছে পান রেজাউল করিম ও হোসনে আরা করিম। ডিবি অফিসে নিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁদের বলে, কিছু বিষয় জানার পর তাঁদের সবাইকে বাসায় পৌঁছে দেওয়া হবে। তাঁদের চারজনকে নিয়ে যাওয়া হয় রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে। এরপর প্রায় ৩৬ ঘণ্টা (গতকাল রাত নয়টা পর্যন্ত) সেখানেই আছেন তাঁরা। অবশ্য এই পরিবারের চার সদস্য ছাড়া আরও চারজনকে ডিবি কার্যালয়ে আনা হয়। তাঁদের মধ্যে একজন ভারতীয় নাগরিককে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া এক যুবককেও ছেড়ে দেওয়া হয়েছে। হাসনাত করিমের পরিবারের চার সদস্য ছাড়া সেখানে আছেন দুজন নারী।
গতকাল রাতে কথা হয় হাসনাত করিমের মা হোসনে আরা করিমের সঙ্গে। তিনি বলেন, ‘খুব দুশ্চিন্তায় আছি। এত বড় একটা বর্বর ঘটনা প্রত্যক্ষ করার পর আরও ৩৬ ঘণ্টা ডিবি অফিসে ছেলে, ছেলের বউ ও দুই নাতি-নাতনি বসে আছে। তাদের মানসিক অবস্থা কী হতে পারে, তা সহজেই অনুমেয়।’ তিনি বলেন, নাতির বয়স ১৩ বছর আর নাতনির ৮। ছোট দুটি বাচ্চা সারা রাত জিম্মিদশায় কাটানোর পর মুক্ত হয়েছে। অথচ এখন তারা পুলিশের কাছে।
হোসনে আরা বলেন, ‘পুলিশ কেবল হাসনাতকে বাসায় এনেছিল। সে তাঁর ব্যবহৃত ল্যাপটপ নিয়ে গেছে। কিন্তু পরিবারের অন্যদের বাসায় আসার এখনো সুযোগ হয়নি। একটি ভয়াবহ দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার পরও আমরা এখনো তাদের সঙ্গে সময় কাটাতে পারছি না। ডিবি জানাতে পারেনি কখন এদের ছাড়বে।’ হোসনে আরা বলেন, কর্মকর্তারা তো গত শনিবার বলেছিল, রাতেই বাসায় পৌঁছে দেবে। কিন্তু আরও একটা দিন তো পার হয়ে গেল। তারা (পুলিশ) বলেছে, বেশ কিছু বিষয় নিয়ে বৈঠক হচ্ছে। এরপর উদ্ধার পাওয়া সবাইকে বাসায় পৌঁছে দেওয়া হবে।