জিম্মিদের পরিবারে উৎকণ্ঠা
আড়াই বছর বয়সী নাফিউন বারবার মাকে প্রশ্ন করছে, ‘বাবা চকলেট নিয়ে এখনো কেন আসে না?’ অবুঝ মেয়ের কাছে চোখের পানি লুকিয়ে মা ফারজানা আকতার সান্ত্বনা দিতে বললেন, ‘তোমার আব্বু ফিরে আসবে।’ কিন্তু সোমালীয় জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি জাহান মণিতে থাকা স্বামীর অনিশ্চিত ভাগ্যের কথা ভেবে তিনি উৎকণ্ঠিত, উদ্বিগ্ন। অসুস্থতার জন্য শেষ মুহূর্তে থেকে না গেলে সন্তানকে নিয়ে তিনিও এখন জিম্মি থাকতেন জলদস্যুদের হাতে।ফারজানার স্বামী এমভি জাহান মণির প্রধান কর্মকর্তা (চিফ অফিসার) আবু নাসের মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার। ওই জাহাজে থাকা আরও ২৪ বাংলাদেশি কর্মকর্তা ও নাবিকের পরিবারেও এখন একই রকম উদ্বেগ, উৎকণ্ঠা।আবু নাসেরের পরিবার থাকে চট্টগ্রামের জাকির হোসেন রোডে। গতকাল সোমবার ওই বাসায় গেলে দেখা যায়, মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন ফারজানা। তিনি বলেন, ‘গত শুক্রবার সকালে শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি স্থান থেকে মোবাইল ফোনে আবু নাসের তাঁর সঙ্গে সর্বশেষ এক মিনিট কথা বলেন। তখন তিনি জানান, সাগর খুব উত্তাল। আমার জন্য দোয়া করো।’ কথা বলার সময় ফারজানা বারবার চোখ মোছেন। নাসেরের মা শাহানারা বেগম বলেন, ‘আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। ছেলের চিন্তায় ঘুম আসছে না।’ পারিবারিক সূত্র জানায়, আবু নাসের গত ১ অক্টোবর ভিয়েতনাম থেকে এমভি জাহান মণিতে যোগ দেন। ওই জাহাজের নাবিক তরুণ ক্যাডেট শাহরিয়ার রাব্বির মা বিলকিস রহমানের কান্না ছুঁয়ে যায় সবাইকে। দুপুরে তিনি যান আগ্রাবাদের বারিক বিল্ডিং মোড়ে ওই জাহাজের মালিক কবির গ্রুপের কার্যালয়ে। বিলাপ করে বলেন, ‘আমার ছেলেরে ফিরাইয়া দাও।’ তিনি জানান, মেরিন একাডেমি থেকে পাস করে প্রথম এই জাহাজে যোগ দেন রাব্বি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার পর থেকে তিনি দিশেহারা।সমুদ্র পরিবহন কার্যালয় সূত্র জানায়, ওই জাহাজে থাকা ২৫ জন কর্মকর্তা ও নাবিকের গ্রামের বাড়ি দেশের ১৭ জেলায়। এক কর্মকর্তার স্ত্রীও জাহাজটিতে আছেন।জাহাজের মাস্টার (ক্যাপ্টেন) ফরিদ আহমদের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে ঢাকায় থাকেন। তাঁর স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মেয়ে ফরিয়া জানান, জাহাজ জলদস্যু-আক্রান্ত হওয়ার খবর পেয়ে মা অসুস্থ হয়ে পড়েছেন। এমভি জাহান মণি জলদস্যু-আক্রান্ত হওয়ার আগে রোববার সকালের দিকে তাঁর বাবা সর্বশেষ পরিবারের সঙ্গে কথা বলেছেন। জানা যায়, জাহাজে জিম্মি অন্যরা হলেন দ্বিতীয় কর্মকর্তা জি এম নুর-ই-আলম, তৃতীয় কর্মকর্তা মো. কামরুল হোসেন, ডেক ক্যাডেট শরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মতিউল মাওলা, দ্বিতীয় প্রকৌশলী মোহাম্মদ মইন উদ্দিন, তৃতীয় প্রকৌশলী সুব্রত কুমার মণ্ডল, চতুর্থ প্রকৌশলী মোহাম্মদ তারিকুল ইসলাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মো. সাহাব উল আলম, জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল হোসেন, নাবিক মো. রুহুল আমিন, মো. এমদাদ হোসেন, মো. নাজিম উদ্দিন, আবদুল ফাত্তাহ, রবিউল ইসলাম, ফখরুল ইসলাম, কিবরিয়া আহমেদ, মো. ইলিয়াস, মশিউর রহমান, জসিম উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, মো. মহি উদ্দিন, আবুল বশর।