জিয়া আ.লীগের নাম-নিশানা মুছতে চেয়েছিলেন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ শনিবার আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ শনিবার আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, জিয়াউর রহমান আওয়ামী লীগকে প্রধান শত্রু ভাবতেন। এ জন্য তিনি দলটির নাম-নিশানা মুছে দিতে চেয়েছিলেন। দেশের মাটি থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে ‘এ স্বৈরশাসক’ স্বাধীনতাবিরোধী শক্তির উত্থান ঘটিয়েছেন। খবর বাসসের।

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘সেনাপ্রধান জিয়াউর রহমান তখন রাষ্ট্রপতি সায়েমকে অস্ত্রের মুখে উত্খাত করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন ও দলের নাম-নিশানা মুছে ফেলতে নেতা-কর্মীদের হত্যা, গুম করা শুরু করেন। আর এসব কাজে জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধী চক্র রাজাকারদের ব্যবহার করেছেন।’

শেখ হাসিনা বলেন, ‘দেশে আসার পর আমার ১ নম্বর চিন্তা ছিল দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হবে। সেই সঙ্গে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও সংগঠনকে শক্তিশালী করতে হবে। সংগঠনকে শক্তিশালী করা ও দেশ যেন আবার মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসে, এই ছিল আমার লক্ষ্য। দেশে এসে কোথায় থাকব, কোথায় উঠব, কী খাব— এসব চিন্তা তখন আমার মাথায় আসেনি।’ তিনি বলেন, ‘তখন দেশে এসে দেখতে পাই, দেশ মুক্তিযুদ্ধের বিপক্ষে চলছে। জিয়াউর রহমানের ছত্রছায়ায় স্বাধীনতাবিরোধী রাজাকাররা ক্ষমতায় বসে আছে।’

শেখ হাসিনা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট আমার সব শেষ হয়ে যায়। পরিবারকে হারানোর মাত্র ১৫ দিন আগে স্বামীর সঙ্গে জার্মানি চলে যাই। সেখানে বসে নানা কথা শুনতে থাকি। কেউ বলছে মা বেঁচে আছে, আবার কেউ বলছে ছোট ভাই রাসেলের কথা। সে সময় দেশের বাইরে থাকা আমাদের দুই বোনকে আশ্রয় দেওয়ার আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো। সে সময় ভারতে এসে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করে দেশের অবস্থা ও পরিবারের সব সদস্যকে হারানো কথা জানতে পারি।’

শেখ হাসিনা বলেন, ‘১৯৭৭ বা ৭৮ সালে লন্ডনে আমার পক্ষে ছোট বোন শেখ রেহানা বাবাসহ পরিবারের সব সদস্যের হত্যার বিচার চেয়ে প্রথম সংবাদ সম্মেলন করে। পরে ১৯৮০ সালে লন্ডনে গিয়ে সে দেশের সিনেট সদস্যদের নিয়ে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করি। এ ছাড়া সে বছরেরই ১৬ আগস্ট ইয়র্ক হলে বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে জনসম্মুখে আমি প্রথম বক্তৃতা দিই।’ তিনি বলেন, ‘তখন রাষ্ট্র ক্ষমতায় জিয়াউর রহমান থাকায় স্বাধীনতাবিরোধী শক্তি রাজাকারেরা দেশে ও দেশের বাইরে বেশ দাপটে ছিল। তারা দেশের বাইরেও আমাদের সভা-সমাবেশ করতে দিত না। সব সময়ই হত্যার হুমকি দিত।