জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় সোনালী ব্যাংক প্রধানমন্ত্রীর কার্যালয় শাখার তৎকালীন ব্যবস্থাপক মাসউদুল হকের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালত আগামী ৫ নভেম্বর তাঁকে জেরার দিন ধার্য করেছেন।
গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমদ জমাদার এই তারিখ ধার্য করেন। গতকাল পর্যন্ত এই মামলায় ১৮ জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। খালেদা জিয়া বর্তমানে দেশের বাইরে আছেন। গতকাল তাঁর পক্ষে আইনজীবীরা ফৌজদারি কার্যবিধির ৫৪০ ধারায় সাক্ষীকে জেরা করেন।
মাসউদুল হক সাক্ষ্যে বলেন, তিনি ২০০৫ সালে সোনালী ব্যাংক প্রধানমন্ত্রী কার্যালয় শাখার ব্যবস্থাপক ছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর একান্ত সচিব ছিলেন জিয়াউল হক। জিয়াউল হক তাঁকে জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে প্রধানমন্ত্রী খালেদা জিয়া একটি হিসাব খুলবেন। এ জন্য কী কী কাগজপত্র লাগবে, তা নিয়ে হারিছ চৌধুরীর সঙ্গে দেখা করতে বলেন। এরপর তিনি হিসাব খোলার ফরমসহ অন্যান্য কাগজপত্র নিয়ে হারিছ চৌধুরীর সঙ্গে দেখা করেন। পরে খালেদা জিয়ার নামে একটি হিসাব খোলেন। হারিছ চৌধুরীর কথা অনুসারে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট থেকে সুরাইয়া বেগমের নামে ৭ কোটি ৭৭ লাখ টাকার দুটি পে-অর্ডার তৈরি করেন। গতকাল আদালতে ওই হিসাব ও পে-অর্ডার দুটি শনাক্ত করেন তিনি।
ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে অস্থায়ী ভবনে স্থাপিত বিশেষ এজলাসে এই মামলার বিচারকাজ চলছে।