জিয়া হত্যায় খালেদা বেশি লাভবান হয়েছেন: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দাবি করেছেন, ‘জিয়াউর রহমান হত্যায় সবচেয়ে বেশি লাভবান হয়েছেন খালেদা জিয়া। জিয়া হত্যায় খালেদা জিয়া জড়িত থাকলেও থাকতে পারেন বলে মনে করেন দেশবাসী।’
আজ বুধবার বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন হানিফ।
শেখ হাসিনার দেশে ফেরা এবং জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে গতকাল মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের জবাব দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দাবি করেন, ‘দেশবাসী মনে করে, জিয়া হত্যায় খালেদা জিয়া জড়িত থাকলেও থাকতে পারেন। সবাই জানে, খালেদা জিয়ার সঙ্গে জিয়ার সম্পর্ক ভালো ছিল না। এ জন্য দুবার ক্ষমতায় থাকার পরও তিনি বিচার (জিয়া হত্যার) করেননি।’
গত সোমবার গণভবনে আওয়ামী লীগের যৌথ সভায় আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বেঁচে থাকলে জিয়াউর রহমানকেও বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি করা হতো।

শেখ হাসিনার এ বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। ওই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল মন্তব্য করেন, শেখ হাসিনার ১৯৮১ সালে দেশে ফেরার সঙ্গে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সম্পর্ক আছে কি না, তা নিয়ে জনগণের মনে প্রশ্ন আছে। বিএনপি ক্ষমতায় গেলে নতুন করে জিয়া হত্যার তদন্ত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনা দেশে ফিরেছিলেন ১৭ মে। জিয়াউর রহমান শহীদ হয়েছেন ৩০ মে।

শেখ হাসিনার দেশে ফেরা এবং জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে মির্জা ফখরুলের করা মন্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির উদ্দেশে হানিফ বলেন, ‘তারা কোনো দিন এই বিচার করতে চায়নি। এমনকি তদন্তও করেনি। তাদের অভ্যাস বরাবরের মতোই মিথ্যাচার করা। এ বক্তব্য ফখরুল সাহেবের রাজনৈতিক অসততা প্রমাণ করেছে।’

বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত ছিলেন দাবি করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘এটা তো সর্বজন স্বীকৃত যে তিনি হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেন। তিনিও খুনের সঙ্গে জড়িত। জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারীদের রাজনৈতিক ও সরকারিভাবে প্রতিষ্ঠিত করেছেন। বেঁচে থাকলে অবশ্যই খুনি রশিদ-ফারুকের সঙ্গে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতো।’

বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের ‘কটূক্তি’ সমর্থন করায় মির্জা ফখরুলের সমালোচনা করেন হানিফ। তিনি বলেন, ‘পদ-পদবি হারানো ভয়ে এমন নির্লজ্জ মিথ্যাচার করছেন ফখরুল সাহেব। নয়তো তারেকের মতো এমন অর্ধশিক্ষিত মানুষের কাছ থেকে এগুলো শিখতে হবে কেন? তিনি একজন শিক্ষক মানুষ। তবে কি তিনি এত দিন কিছুই জানতেন না?’

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে কি না—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, যাঁরা ইতিহাস বিকৃতি করছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কি না, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখবে।