জিয়া হত্যার নিন্দা জানিয়ে প্রথম বিবৃতি দিয়েছিলাম

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর ওই ঘটনার নিন্দা জানিয়ে প্রথম বিবৃতি দেন তত্কালীন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে সরকারদলীয় সাংসদ ফজিলাতুন্নেছা বাপ্পির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ দাবি করেন।
এ সময় সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী।
শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্রপতির পদ দখল করেছিলেন। সে সময় তিনি ও তাঁর বোন শেখ রেহানা জার্মানিতে ছিলেন। দেশে ফিরতে চাইলে জিয়া সব সময় বাধা দিয়েছেন। তিনি বলেন, যেদিন জিয়া খুন হন, ওই দিন তিনি (শেখ হাসিনা) সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন। জিয়ার খুনের ঘটনার পর ঢাকার সঙ্গে সব জায়গার ট্রেন চলাচল বন্ধে হয়ে যায়। আখাউড়ায় এসে তাঁরা জিয়ার মৃত্যু সংবাদ জানতে পারেন। সেখান থেকে তিনি কিশোরগঞ্জের ভৈরবে পৌঁছে বিবৃতি দেন।
প্রধানমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী দেশ চলবে, এর ব্যত্যয় যেন না ঘটে। কোনো সেনা কর্মকর্তা যেন ক্ষমতা দখল না করেন।
আরেক সাংসদ মাহফুজুর রহমান প্রশ্ন করেন, কোরবানির ঈদে নির্বিঘ্নে ঘরে ফিরতে সরকার কী ব্যবস্থা নিয়েছে? উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়ক ও জনপথ অধিদপ্তর বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে আছে জরুরি ভিত্তিতে সড়কে মেরামতকাজ করা, দুর্ঘটনাকবলিত যানবাহন সড়ক থেকে দ্রুত সরিয়ে নেওয়া, মনিটরিং টিম গঠন করা। এ ছাড়া যানজট নিরসনে ব্যবস্থা নেওয়া ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে বলেন, তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ২৮ হাজার ৬১৯ জনকে সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪২৭ জন সাংবাদিক বা তাঁদের পরিবারকে দুই কোটি ৬০ লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে।