জিয়া হত্যার বিচার নিয়ে 'আদালতে আসেন, পাশে থাকব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোফাজ্জল হোসেন চৌধুরী
মোফাজ্জল হোসেন চৌধুরী

জিয়া হত্যাকাণ্ডের বিচারের জন্য আদালতে আসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
ক্ষমতায় এলে বিএনপি জিয়া হত্যার বিচার করবে—মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এ আহ্বান জানান।
আজ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মন্ত্রী এ আহ্বান জানান।
ফখরুলের উদ্দেশে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘আদালতে আসুন। সাহস থাকলে কালই আদালতে আসুন। জিয়া হত্যার মামলা করতে আপনার পাশে থাকব।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘এক পাগল’ এবং ফখরুলকে ‘আরেক পাগল’ উল্লেখ করে মায়া বলেন, ‘চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়া যখন মারা গেল, তার পাশের রুমের ছিল বি. চৌধুরী। এই হত্যাকাণ্ড সম্পর্কে তিনি তো সবেচেয়ে ভালো জানেন।’
জিয়ার শাসনামলে বি. চৌধুরী বিএনপির অন্যতম নেতা থাকলেও এখন তিনি বিকল্পধারা বাংলাদেশ নামের একটি দলের সভাপতি।
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় তারেক রহমানকে ধরে এনে বিচার করা উচিত বলে মন্তব্য করেন মন্ত্রী।
ছয় দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন সৈয়দা সাজেদা চৌধুরী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ দলের জ্যেষ্ঠ নেতারা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।