জিয়াউদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুলের নিষ্পত্তি
কথিত স্কাইপ কথোপকথন নিয়ে বেলজিয়ামপ্রবাসী আহমেদ জিয়াউদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল পর্যবেক্ষণ দিয়ে নিষ্পত্তি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার এ-সংক্রান্ত আদেশ দেন। আদেশে ট্রাইব্যুনাল বলেন, জিয়াউদ্দিন তাঁর লিখিত ব্যাখ্যায় ট্রাইব্যুনাল-১-এর পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের সঙ্গে তাঁর কথিত স্কাইপ কথোপকথনের বিষয়টি স্বীকার করেননি আবার অস্বীকারও করেননি। জিয়াউদ্দিনের লিখিত বক্তব্য অনুসারে তিনি বলেছেন, প্রযুক্তি বিশেষজ্ঞের মাধ্যমে তিনি জেনেছেন ব্যক্তিগত কথোপকথন হ্যাকড করা এক ধরনের অপরাধ। এ ছাড়া কথোপকথন প্রযুক্তির মাধ্যমে বিকৃত করা সম্ভব। বিশেষ করে যে অংশটুকু নিয়ে তাঁকে দায়ী করা হচ্ছে, তা তাঁর হুবহু কথোপকথন কি না, তা তিনি নিশ্চিত নন। ট্রাইব্যুনাল আরও বলেন, যে অংশ নিয়ে জিয়াউদ্দিনকে দায়ী করা হচ্ছে, তা নিয়ে জিয়াউদ্দিন সন্দেহ প্রকাশ করেছেন। এ জন্য ট্রাইব্যুনালও এ বিষয়ে সন্দেহমুক্ত হতে পারেননি। তাই ট্রাইব্যুনাল এ বিষয়ে কার্যক্রম চালানোর প্রয়োজন মনে করছেন না এবং বিষয়টি নিষ্পত্তি করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ স্বতঃপ্রণোদিত হয়ে গত ৩ জানুয়ারি স্কাইপ কথোপকথনের বিষয়ে জিয়াউদ্দিনের অবস্থানের লিখিত ব্যাখ্যা পাঠানোর নির্দেশ দেন। পরে জিয়াউদ্দিন এ বিষয়ে তাঁর অবস্থানের লিখিত ব্যাখ্যা ট্রাইব্যুনালে পাঠান।