জিয়ানগরে বিএনপির সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া বাজারে বিএনপির সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১৮-দলীয় জোটের খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে গত শুক্রবার সন্ধ্যার পর বালিপাড়া ইউনিয়ন বিএনপি বালিপাড়া বাজারে মিছিল বের করে। দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের ভেতরে ঢুকলে ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা মিছিল লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় বিএনপির নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করে। ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা পরে সংগঠিত হয়ে বিএনপির নেতা-কর্মীদের লক্ষ্য করে গুলি চালালে বিএনপির কর্মীরাও পাল্টা গুলি চালান।
বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ অভিযোগ করেন, খুলনায় ১৮ দলের সমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যার তাঁরা বালিপাড়া বাজারে মিছিল বের করেন। কিন্তু যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাঁদের শান্তিপূর্ণ মিছিলে হামলা ও গুলি চালান। এতে মিরাজুল ইসলাম, জুয়েল, সোহেল বয়াতি ও শাহজাহান গুলিবিদ্ধ হন। এ ছাড়া গতকাল শনিবার সকালে ইউনিয়নের পথেরহাট বাজারের খুদে ব্যবসায়ী আলামিন, শাহ আলম, আ. ছালাম ও শাহজাহানের দোকানে হামলা ও ভাঙচুর করেছের যুবলীগের কর্মীরা।
তবে বালিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও জিয়ানগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন দাবি করেন, বিএনপির মিছিল থেকে প্রথমে তাঁদের ওপর হামলা ও গুলি চালানো হয়। গুলিতে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রুহুল আমীন শেখ, কর্মী মামুন খান আহত হন।
এ ছাড়া বিএনপির কর্মীদের হামলায় বালিপাড়া ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক তোফাজ্জেল হোসেন আহত হন। তিনি পথেরহাট বাজারে হামলার অভিযোগ অস্বীকার করেন। জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় মামলা করেনি।