জিয়ার মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ
মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি চলাকালে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার উপজেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে দলের নেতা-কর্মীদের অভিযোগ।
মেহেরপুর-২ (গাংনী) আসনের সাংসদ জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন জানান, সকালে কর্মসূচি চলাকালে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কার্যালয়ের ভেতরে ঢুকে নেতা-কর্মীদের সেখান থেকে চলে যেতে বলে।
নেতা-কর্মীদের ভাষ্য, তাঁরা কারাগারে যাবেন, কিন্তু কার্যালয় ছেড়ে যাবেন না। পরে পুলিশের পাহারায় কর্মসূচি শেষ হয়।
মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুণ বলেন, পুলিশের পাহারার কারণে অনেক নেতা-কর্মী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
এ ব্যাপারে গাংনী থানার ওসি আলমগীর হোসেন জানান, সভা-সমাবেশ নিষেধ, তাই বিএনপির কর্মসূচি বন্ধ করতে পুলিশ কার্যালয়ে গিয়েছিল।
মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, নিরাপত্তার কারণে পুলিশ বিএনপির কার্যালয়ে পাহারায় ছিল। কর্মসূচিতে পুলিশ বাধা দেয়নি।