জিরো পয়েন্ট-সদরঘাট সড়ক ও ফুটপাত মুক্ত রাখতে ব্যবস্থা নিতে নির্দেশ
যানবাহন ও লোকজনের নির্বিঘ্নে চলাচলের জন্য রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা-ফুটপাত মুক্ত রাখতে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানির পর রুল জারির পাশাপাশি ওই আদেশ দেন।জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় দোকান, ফেরিওয়ালা, ফলের দোকান, বিক্রির জন্য প্রদর্শিত পণ্য; ফুটপাতের ওপর চলাচলে প্রতিবন্ধকতাকারী কোনো প্রতিষ্ঠান, বস্তু, যানবাহন, রাস্তা বা ফুটপাতের ওপর রাখা বালু, রড বা যেকোনো মালামাল, ভ্যান বা ঠেলাগাড়ি স্ট্যান্ডসহ সব যান চলাচলের প্রতিবন্ধকতা উচ্ছেদ/অপসারণ করার কেন নির্দেশ দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, যুগ্ম কমিশনার (ট্রাফিক), ডিসি (দক্ষিণ), ঢাকা সিটি করপোরেশনের প্রশাসক (দক্ষিণ), ঢাকা জেলা প্রশাসক, বংশাল, কোতোয়ালি, সূত্রাপুর ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ঢাকা জজকোর্টের বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ট্রাফিক জ্যামের ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গতকাল জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিট আবেদনটি দাখিল ও শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। আদেশে জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা বা ফুটপাতের ওপর বালু, রড বা কোনো পণ্য রাখা, ভ্যান বা ঠেলাগাড়ি পার্কিং করা, রাস্তার পাশে দোকানগুলোর পণ্যসমূহ ফুটপাত বা রাস্তা দখল করে রাখা, যাতে দোকান, ফেরিওয়ালা, ফলের দোকান না বসতে পারে, সে জন্য ৪৮ ঘণ্টার মধ্যে বিবাদীদের প্রতি ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়। পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক), ঢাকা মহানগরের পুলিশের ডিসি (দক্ষিণ), ডিসিসির প্রশাসক (দক্ষিণ) ও চার থানার ওসির প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন সাত দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।