বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো লাইনের ১৫০ ফুটের মধ্যে কাঁটাতারের বেড়া ও রাস্তা নির্মাণকাজ বন্ধ রাখার আশ্বাস দিয়েছে মিয়ানমার। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তে গতকাল সোমবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও নাসাকার মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকে নাসাকার পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়।নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বেলা ১১টা থেকে একটা পর্যন্ত ওই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কক্সবাজার ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান। আর আট সদস্যের মিয়ানমার দলের নেতৃত্ব দেন নাসাকা ৩ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর থেন থে অং।বৈঠকে বিজিবির অধিনায়ক খালেকুজ্জামান বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ২১৭ কিলোমিটার। এর মধ্যে কিছু কিছু স্থানে মিয়ানমার জিরো লাইনের ১৫০ ফুটের মধ্যে ঢুকে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বিশেষ করে তমব্রু খালের একটি অংশে জিরো লাইনের ১৪০ ফুট এবং আরেকটি অংশে মাত্র ৪০ ফুটের মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। কোথাও কোথাও কাঁটাতারের বেড়ার সঙ্গে অ্যালুমিনিয়াম-জাতীয় তার সংযোজন করা হচ্ছে। এ তারে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হবে কি না, জানা দরকার।জবাবে নাসাকা সেক্টর কমান্ডার থেন থে অং বলেন, ওই এলাকাটি ২ নম্বর সেক্টরের অধীন। তবে কাঁটাতারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কোনো উদ্দেশ্য নেই। তিনি বিষয়টি ২ নম্বর সেক্টরের কমান্ডারকে অবহিত করবেন বলে জানান।মেজর থেন থে অং পাল্টা অভিযোগ তুলে বলেন, বাংলাদেশি লোকজন ইদানীং কাঁটাতারের বেড়া কেটে নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে বিজিবির সহযোগিতা প্রয়োজন।লে. কর্নেল মো. খালেকুজ্জামান এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়ে নাসাকার কাছে জানতে চান, দুই দেশের সম্মতি ছাড়াই সম্প্রতি তুমব্রু খালে একটি বাঁধ নির্মাণ করেছে নাসাকা। ওই বাঁধের ফলে খালের পানি আটকে যাওয়ায় কৃষিকাজসহ নানা অসুবিধা হচ্ছে। তা ছাড়া কাঁটাতারের বাইরে (বাংলাদেশ অংশে) মিয়ানমার একটি চলাচলের রাস্তা তৈরি করছে, যা গত ৪ অক্টোবর বিজিবির সদস্যরা বন্ধ করে দিয়েছেন। এ ব্যাপারে নাসাকার বক্তব্য কী?জবাবে নাসাকার সেক্টর কমান্ডার বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জিরো লাইনের ভেতরে কাঁটাতারের বেড়া ও রাস্তার নির্মাণকাজ বন্ধ রাখা হবে।লে. কর্নেল খালেকুজ্জামান বলেন, মিয়ানমারের তৈরি ইয়াবা বড়িসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাংলাদেশে ঢুকছে। প্রতিদিন বিপুল পরিমাণ ইয়াবা ও মাদকদ্রব্য ধরাও পড়ছে। আপনারা ইয়াবাসহ মাদকদ্রব্য পাচার প্রতিরোধ করছেন না কেন?জবাবে নাসাকা কমান্ডার বলেন, আমরা আন্তরিকতার সঙ্গে তৎপরতা চালাব, যেন ইয়াবাসহ মাদক পাচার বন্ধ হয়।বৈঠক শেষে বেলা তিনটার দিকে বিজিবির সদস্যদের পাহারায় এই প্রতিবেদক তমব্রু সীমান্ত ফাঁড়ি থেকে প্রায় ছয় কিলোমিটার পূর্বে মকরটিলা বরাবর (তুমব্রু খালের তীরে) গিয়ে দেখতে পান, বৃষ্টির মধ্যেও নাসাকা বাহিনী শ্রমিক দিয়ে কাঁটাতারের বেড়া ও পাহাড় কেটে রাস্তা তৈরি করছে। একটি খননযন্ত্র দিয়ে পাহাড় কাটতেও দেখা যায়।