জিলানীর ভালা, খোকনের জ্বালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে ইসমাইল হোসেন খোকনকে দল থেকে সমর্থন দেওয়া হয়। কিন্তু এটা মানতে রাজি নন রফিকুল হায়দার বাবুল পাঠান। তিনিও ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন। তাঁকে নিয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী অস্বস্তিতে রয়েছেন। আওয়ামী লীগের দুই প্রার্থী মাঠে থাকায় বিএনপি-সমর্থিত প্রার্থী এ বি এম জিলানী রয়েছেন স্বস্তিতে। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৪ বছর ধরে স্থানীয় আওয়ামী লীগের নেতারা দ্বিধাবিভক্ত। পৌর নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীরা কেউ কাউকে ছাড় দেননি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকনকে পৌর নির্বাচনে মেয়র পদে দল থেকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু এ মনোনয়ন মেনে নেননি সাবেক পৌর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল হায়দার। তাঁকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কারও করা হয়েছে। রফিকুল হায়দার বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে নির্বাচন করার কোনো বিধান নেই। দলীয় নেতা-কর্মী ও সুশীল সমাজের অনুরোধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।’ ইসমাইল খোকন বলেন, ‘দল যোগ্য মনে করে আমাকে মনোনয়ন দিয়েছে। উপজেলা আওয়ামী লীগের সব সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আমার নির্বাচন করছেন। দলের বৃহৎ স্বার্থে সবাইকে মান-অভিমান ভুলে কেন্দ্রের নির্দেশমতে একযোগে কাজ করার অনুরোধ করছি।’বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, গত পৌর নির্বাচনে বিএনপি থেকে এ বি এম জিলানীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। কিন্তু এর বিরুদ্ধে অবস্থান নিয়ে ভোটযুদ্ধে মাঠে নামেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বদরুল আলম জিন্নাহ। জিলানী মেয়র নির্বাচিত হন। এবারের নির্বাচনেও দল থেকে তাঁকে মনোনয়ন দেওয়া হয়।অবসরপ্রাপ্ত স্কুল-শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘বিগত দিনে রফিকুল হায়দার রায়পুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। এ জন্য এলাকায় পরিচিতি রয়েছে। তাই আওয়ামী লীগের প্রার্থী তাঁকে নিয়ে জ্বালা-যন্ত্রণার মধ্যে আছেন। আর বিএনপি-সমর্থিত প্রার্থীর জন্য ভালা হয়েছে।’ বর্তমান মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক এ বি এম জিলানী বলেন, ‘পৌরসভার অসম্পন্ন কাজগুলো সম্পন্ন করতে জনগণ আমাকে পুনরায় নির্বাচিত করবেন বলে আমার বিশ্বাস।’